টিপাইমুখ নিয়ে প্রতিবাদের সাহস সরকারের নেই: ফখরুল
টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার তার নতজানু পররাষ্ট্রনীতির কারণে কোনো পদক্ষেপ নিতে পারছে না। এমনকি প্রতিবাদ করার সাহসও সরকারের নেই। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন।ফখরুল ইসলাম বলেন, এ অবস্থায় দেশের জনগণের একটি বিরাট অংশ ও কৃষিক্ষেত্রকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে এর কোনো বিকল্পও নেই।ফখরুল ইসলাম অভিযোগ করেন, নদীতে যে বাঁধ করা হচ্ছে, সেটা একটি পরিত্যক্ত প্রযুক্তি। সাধারণত ভাটির দেশগুলোকে বিপদে ফেলার জন্য সাম্রাজ্যবাদী দেশগুলো এগুলো করে থাকে। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে অথচ বাংলাদেশ সরকার প্রতিবাদ পর্যন্ত করেনি। তিনি জানান, করবেই বা কীভাবে—তারা এরই মধ্যে ট্রানজিট, করিডরসহ সব ধরনের অস্ত্র তাদের দিয়ে দিয়েছে।অনুষ্ঠানের প্রধান বক্তা ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, ‘রাজনীতিবিদরা রাজনীতির কলাকৌশল না জানায় বাংলাদেশের ব্যাপারে আধিপত্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, ভাসানী স্মৃতি সংসদের সভাপতি নাজমুল হক প্রমুখ।