টিপাইমুখ নিয়ে মনমোহনের আশ্বাসে ভরসা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধে বাংলাদেশের ক্ষতি হবে না—ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই আশ্বাসে তাঁর ভরসা নেই। শুধুমাত্র দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে কোনো যৌথ সমীক্ষার পরই তিনি আশ্বস্ত হতে পারেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের মধ্যে যাঁরা যুদ্ধাপরাধী আছেন, তাঁদের কেন ধরা হচ্ছে না?গতকাল রোববার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতবান্ধব সরকার হিসেবে পরিচিত। আমরা আশা করেছিলাম, যেহেতু তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, নিশ্চয় তারা কিছু করতে পারবে। তিস্তার একটা ফয়সালা হবে, আমরা ন্যায্য হিস্যা পাব।’ তিনি বলেন, ‘আমাদের মন্ত্রী বলেছেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। এটা কি কোনো কূটনৈতিক প্রচেষ্টা হতে পারে? এবং পানির ন্যায্য হিস্যা নিয়েও তারা দাবি করছে না। তাহলে কূটনৈতিক প্রচেষ্টা কোথায় চালানো হলো? বরং কূটনৈতিক প্রচেষ্টা বলা হচ্ছে বাইরে, কিন্তু তলে তলে বাংলাদেশের যা কিছু আছে, সব ভারতের হাতে তুলে দিচ্ছে তারা।’খালেদা জিয়া বলেন, ‘ঢাকায় যখন ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, তখনো কিন্তু এই ইস্যুটি আমি উঠিয়েছিলাম। তখনো তিনি একই কথা বলেছেন। তারপর আমরা যখন শুনলাম যে চুক্তি হয়ে গেছে, যেখানে সরকারের এটা নিয়ে মুভ করা উচিত ছিল, কিন্তু সরকার নীরব ছিল। তখন আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমরা বলেছি, এই বাঁধ আপনারা বন্ধ রাখেন। দুই দেশের বিশেষজ্ঞরা আগে পরীক্ষা-নিরীক্ষা করুক। কিন্তু সেখানে ভারত রাজি নয় এবং আমাদের সরকারও এখানে নীরব ভূমিকা পালন করছে।’যুদ্ধাপরাধের বিচারে বিএনপি সরাসরি একটি পক্ষ নিচ্ছে, সরকারি দলের এই অভিযোগ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। আমরা কারও পক্ষ নেইনি।’ তিনি বলেন, ‘বিচার হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, আন্তর্জাতিক মান বজায় রেখে। বিচারকদের হতে হবে নিরপেক্ষ। কিন্তু গঠিত ট্রাইব্যুনালের বিচারক সম্পর্কে নানা অভিযোগ আছে এবং আওয়ামী লীগের মধ্যে যাঁরা যুদ্ধাপরাধী রয়েছেন, তাঁদের কেন ধরা হয়নি?’বিএনপির নেত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী কারা? যুদ্ধাপরাধী ১৯৫ জন যারা ছিল, তাদেরকে তো ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া করেছে। তারা যদি আজকে জেলে থাকত, তারা তো বলতে পারত কারা যুদ্ধাপরাধী।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন জোট সরকার দেশের স্বার্থ রক্ষা করছে না। আমরা যখন কথা বলছি, তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন বেশ গতি পেয়েছে। বিভিন্ন ইস্যুতে জনগণ নানা ধরনের কর্মসূচি পালন করছে, হরতালও করেছে।’বিএনপির নেত্রী বলেন, ‘আমরা দেখেছি, কোনো আলোচনা ছাড়াই মাত্র চার মিনিটে ডিসিসি ভাগের বিল পাস করে ফেলেছে। বর্তমান সরকার দেশ ও জনগণের পক্ষে কোনো কথাই বলছে না, কাজও করছে না। বরং দেশের স্বার্থবিরোধী কাজ করছে। অন্য দেশের হয়ে এই সরকার কাজ করছে। এই সরকার যত দিন থাকবে, দেশের তত ক্ষতি হবে, সর্বনাশ হবে।’আপনারা নতুন কোনো ভাবনা নিয়ে আসার চেষ্টা করছেন বা নতুন ধরনের রাজনীতির কথা ভাবছেন কি? বিবিসির এই প্রশ্নের উত্তরে খালেদা জিয়া বলেন, ‘এই নতুন ভাবনাটা তো শুরুই হয়েছিল অনেক আগে থেকে। তৃণমূল পর্যায় থেকে তারেক রহমান সেটা শুরু করেছিল। এবং সেখানে আমরা গুণগত অনেক পরিবর্তন এনেছিলাম।’সংসদে বিরোধী দল হিসেবে উপস্থিত থাকলে বিভিন্ন ইস্যুতে দেশবাসী আপনাদের অবস্থান জানতে পারত এবং আপনারা যা বলেন, সে কথা তারা শুনতে পেত। সেটা তাহলে কেন হচ্ছে না? এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘আমি প্রথম থেকেই বলেছি, সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা দেব। কিন্তু প্রথম দিন থেকেই তো এই সরকার আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। পার্লামেন্টে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় তিন হাজারের বেশি নোটিশ দিয়েছি। কিন্তু একটা নোটিশও তারা গ্রহণ করেনি। তারা আমাদের পার্লামেন্টে কথা বলতে দেয় না। তারা তো শুধু আমাদের গালিগালাজ করে, পার্লামেন্টে খারাপ কথা বলে, অশ্লীল কথা বলে। সেই পার্লামেন্টে আমরা কী করে ইয়ে করব?’তারেক রহমানের বিরুদ্ধে মামলার বিষয়ে বিএনপির নেত্রী বলেন, ‘মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটা মামলাও সঠিক নয়। এগুলো তারা প্রমাণ করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করতে পারেনি, এরাও পারবে না। আপনারা জানেন যে মইনুদ্দিন-ফখরুদ্দীনের সময় তারেক রহমানের ওপর মানসিক ও শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করা হয়েছে। তাকে এত নির্যাতন করা হয়েছে যে তার মেরুদণ্ডের হার ভেঙে গেছে।’বিএনপির নেত্রী বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনের সরকার কোনো সাংবিধানিক সরকার ছিল না। এই সরকার ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং অবৈধ। কিন্তু সেই সরকারকে আওয়ামী লীগ বৈধতা দিয়েছে। বলেছে, তাদের আন্দোলনের ফসল।