প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অচিরেই টিপাইমুখ প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষা শুরু করার প্রক্রিয়া চলছে। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সাংসদ শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।আজ বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।সাংসদ শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, টিপাইমুখ প্রকল্প বাংলাদেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনা বিষয়ে একমত হয়েছে দুই দেশ। উভয় দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে যৌথ সমীক্ষা দলের বাংলাদেশ পক্ষ গঠন করে ভারত সরকারকে জানানো হয়েছে।একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘বাংলাদেশ পানি আইন-২০১২’-এর খসড়া চূড়ান্ত হয়েছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ খসড়া পানি আইনটি নীতিগতভাবে অনুমোদন করেছে।তিস্তার পানি বণ্টন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার তিস্তার পানি বণ্টনকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। তিস্তা চুক্তি সম্পাদনের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা চলছে।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গড়ে ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। জাতীয় আয় বেড়ে হয়েছে ৮৪৮ মার্কিন ডলার। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমে বর্তমানে ৩১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। তিন বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে গড়ে ৯ দশমিক ৮ শতাংশ।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিগত সময়ে দারিদ্র্য হ্রাস পেলেও আঞ্চলিক বৈষম্য বেড়েছে। এ কারণে জনগোষ্ঠীকে উন্নত জীবনযাপনের সমান সুযোগ দিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।