টিপাইমুখ প্রকল্পের নথি বাংলাদেশের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ সমীক্ষা পরিচালনার জন্য বাংলাদেশকে টিপাইমুখ জলবিদ্যুত্ প্রকল্পের পাঁচ খণ্ডের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) দিয়েছে ভারত। এসব প্রতিবেদন সমীক্ষার জন্য পর্যাপ্ত না হলে প্রয়োজনে বাংলাদেশকে বাড়তি তথ্য-উপাত্ত দেবে ভারত। এ ছাড়া সমীক্ষার লক্ষ্যে দুদেশের বিশেষজ্ঞ কমিটি মনিপুর রাজ্যের বরাক নদ-সংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবে। আজ মঙ্গলবার দিল্লিতে দুই প্রতিবেশী দেশের বিশেষজ্ঞদের বৈঠক শেষে যৌথ সমীক্ষা পরিচালনার কার্যপরিধি চূড়ান্ত হয়েছে। ওই কার্যপরিধিতে সমীক্ষা পরিচালনায় কোন দেশের কী ভূমিকা থাকবে, সেটি উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের দুদিনের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের নেতৃত্ব দেন জেআরসি সদস্য দেবেন্দ্র শর্মা। জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য মাশফি বিনতে শামস আজ মুঠোফোনে দিল্লি থেকে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে ভারত টিপাইমুখ প্রকল্পের পাঁচ খণ্ডের বিস্তারিত প্রতিবেদন আমাদের দিয়েছে। এ প্রতিবেদনে প্রকল্পের খুঁটিনাটি সবকিছু অর্থাত্ এর আগে ভারত এ নিয়ে যেসব সমীক্ষা চালিয়েছে, সেগুলোর উল্লেখ রয়েছে। সমীক্ষার জন্য এ প্রতিবেদন পর্যাপ্ত না হলে আগামী দিনে আরও তথ্য-উপাত্ত দেওয়ার আশ্বাস দিয়েছে।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের এ মহাপরিচালক জানান, কোন পদ্ধতিতে যৌথ সমীক্ষা পরিচালিত হবে, সেটি ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাবিত সমীক্ষার প্রক্রিয়ার ব্যাপারে ভারত মোটামুটি একমত পোষণ করেছে। সমীক্ষা পরিচালনায় ভারতও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। জানা গেছে, ভারতের যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদে সমীক্ষা চালাবে বাংলাদেশ। এ সমীক্ষায় বাঁধের পরিপ্রেক্ষিতে বরাক অববাহিকার পানিসম্পদ, পরিবেশ, প্রতিবেশ, ভূমিকম্প, আর্থসামাজিক, কৃষি, মত্স্য চাষ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হবে। টিপাইমুখ প্রকল্প নির্মিত হলে বাংলাদেশ ও ভারতে পানি, পরিবেশ ও ভূমিকম্পসহ ভূ-প্রাকৃতিক প্রেক্ষাপটে কী ধরনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলবে, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি বিশ্লেষণ করবে। পাশাপাশি প্রকল্পটি আর্থসামাজিক ও জনসংখ্যার প্রেক্ষাপটে কী প্রভাব ফেলে, সেটিও খতিয়ে দেখা হবে।ভারতের মনিপুর রাজ্যের বরাক নদের ওপর বাংলাদেশ সীমান্ত থেকে ২১০ কিলোমিটার উজানে তুইভাই নদীর মোহনায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের জন্য টিপাইমুখ জলবিদ্যুত্ প্রকল্প নির্মিত হচ্ছে। গত বছরের ২২ অক্টোবর প্রকল্পটি বাস্তবায়নের জন্য ন্যাশনাল হাইড্রো পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) ও সালতুজ জলবিদ্যুত্ নিগমের (এসজেভিএন) সঙ্গে মনিপুর রাজ্য সরকার একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই করেছে। চুক্তি সইয়ের পর বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। এরপর বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী একটি যৌথ সমীক্ষা চালাতে রাজি হয় ভারত। দেড় হাজার মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত টিপাইমুখের প্রকল্পটিতে ২২ হাজার হেক্টর জমিতে পানি সংরক্ষণ করা হবে। ১৬২ দশমিক ৮ মিটার উঁচু বাঁধের মাধ্যমে এ পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ৯০০ কোটি কিউবিক মিটার পানির ধারণক্ষমতা রয়েছে। মূলত বন্যার সময় পানি ধরে রাখা হবে। তবে পানির প্রাপ্যতা অর্থাত্ যে পরিমাণ ধরে রাখা হবে, তার ভিত্তিতে বিদ্যুত্ উত্পাদিত হবে। প্রকল্পটিতে সেচের ব্যবস্থা না থাকায় পানির গতিরোধের কোন সুযোগ থাকছে না।এনএইচপিসির কর্মকর্তাদের মতে, বন্যানিয়ন্ত্রণের অনুষঙ্গ থাকায় টিপাইমুখ প্রকল্পের ব্যয় বেড়ে গেছে। তাই এ প্রকল্পের প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাজারমূল্যের চেয়ে বেশি হবে। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় ব্যয় বেড়ে যাবে। এ অবস্থায় প্রকল্পের আর্থিক লাভ-ক্ষতি নিয়ে শঙ্কা রয়েছে। তাই এটিকে এখনই একটি ‘উচ্চাভিলাষী’ প্রকল্প হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।