টিপাইমুখ প্রসঙ্গে মনমোহনকে খালেদার চিঠি
যৌথ জরিপ এবং বাংলাদেশের সঙ্গে তথ্যবিনিময় ছাড়া টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন না করতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়েছেন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ঢাকার ভারতীয় দূতাবাসের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী প্রথম আলো অনলাইনকে আজ বুধবার এ তথ্য জানান।খালেদার চিঠিতে উল্লেখ করা হয়, যেহেতু মণিপুর রাজ্যের বরাক একটি অভিন্ন নদ, তাই কোনো ধরনের প্রকল্প শুরুর আগে যৌথ জরিপ করতে হবে। আর জরিপ শেষে দুই দেশ আলাপ-আলোচনা করেই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি নিয়ে জরিপ করতে হবে। এতে দুই দেশের লাভ-লোকসান এবং বাংলাদেশের ওপর কী ক্ষতিকর প্রভাব পড়বে, তা খতিয়ে দেখতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রসঙ্গত, বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুেকন্দ্র নির্মাণে একটি যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে। গত ২২ অক্টোবর চুক্তিটি সই হয় দিল্লিতে। এ ধরনের চুক্তি করার আগে বাংলাদেশকে জানানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানেনি ভারত।মণিপুর সরকার এবং প্রকল্পের অন্যতম অংশীদারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি গত শুক্রবার এ খবর জানিয়েছে। আর হাইড্রোওয়ার্ল্ডডটকম নামের একটি ওয়েবসাইট বলেছে, যৌথ বিনিয়োগ প্রকল্পে জাতীয় জলবিদ্যুত্ নিগমের (এনএইচপিসি) ৬৯, রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুত্ সংস্থার (এসজেভিএন) ২৬ এবং মণিপুর রাজ্য সরকারের ৫ শতাংশ মালিকানা থাকবে।এনএইচপিসির ওয়েবসাইটে বলা হয়, দিল্লিতে গত ২২ অক্টোবর টিপাইমুখ বহুমুখী প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় বিদ্যুত্মন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও মণিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোবি সিং।২০১০ ও ২০১১ সালে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ ঘোষণায় মনমোহন সিং অঙ্গীকার করেছিলেন, টিপাইমুখে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়।