টিপাইমুখ বাঁধ ধূমপানের মতো: বাপা
টিপাইমুখ বাঁধ নির্মাণে বাংলাদেশ ও ভারত কোনো দেশেরই লাভ নয়; বরং ক্ষতিই হবে। এটি হবে ধূমপানের মতো। যার কোনো উপকারিতা নেই। শুধু অর্থ লগ্নিকারীদের এক ব্যবসার স্থল হিসেবে পরিণত হবে এটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল মতিন। অনুষ্ঠানে বাপার সভাপতি মোজাফফর আহমেদ বলেন, জ্ঞানপাপীরা বলে থাকেন টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বর্ষাকালে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ হবে এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পাবে। এটি ঠিক নয়। ভারতের ওই অঞ্চলগুলোর জনগণ এবং বাংলাদেশের জনগণও এর বিরোধিতা করছে উল্লেখ করে তিনি বাংলাদেশের সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশের জনগণ ভারত সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ এটাও বুঝতে পেরেছে, বাংলাদেশের সরকার তাদের স্বার্থ রক্ষা করছে না। এ ক্ষেত্রে বিরোধী দলও দ্বিমুখী ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন। আবুল মকসুদ বলেন, আমাদের মন্ত্রীরা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, এ ভয়ে কথা বলছেন না। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে দিয়ে কোনো কাজ হবে না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।