টিপাইমুখ বাঁধ বন্ধের দাবিতে আসামে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের চুরাচানপুর জেলার টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের অবস্থান ধর্মঘট। এ অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছে এআইইউডিএফ। ধর্মঘটে সমর্থন দিচ্ছে ভারতের ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল। এদিকে ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আসামে গঠিত কমিটি অন পিপলস অ্যান্ড এনভারমেন্ট বা ‘কোপ’-এর নেতা পীযূষ কান্তি দাস আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, কাথিগোড়া ও বরখোলায় টিপাইমুখ বাঁধ নির্মাণ অবিলম্বে বন্ধের দাবিতে পাঁচ দিনের অবস্থান ধর্মঘট শুরু হয়েছে। তিনি আরও জানান, এর আগে বুধবার এই দাবিতে কোপের নেতৃত্বে শিলচরের জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে তাদের তরফ থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পরিবেশ ও শক্তিমন্ত্রী এবং আসাম ও মণিপুরের মুখ্যমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপিও দেন তাঁরা।টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে মণিপুর ও আসাম রাজ্যের একাধিক রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বরাক নদের ওপর এ বাঁধ তৈরি হওয়ার কথা। বরাক নদ মণিপুর, মিজোরাম ও আসামের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে পড়েছে। ফলে এ তিন রাজ্যে টিপাইমুখ বাঁধ হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, নদীর ওপর জীবন-জীবিকা রক্ষাকারী মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে, নাব্যতা কমে যাবে, সেচকার্য বাধাগ্রস্ত হবে, নৌপথ বন্ধ হয়ে যাবে। এসব দাবি তুলে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে আসাম এবং মণিপুরে আন্দোলন শুরু হয়েছে।আন্দোলনে যোগ দিয়েছে কমিটি অন পিপলস অ্যান্ড এনভারমেন্ট বা কোপ, কৃষক মুক্তি সংগ্রাম কমিটি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, সারা আসাম মণিপুরী ছাত্র সংস্থা, নাগা ছাত্র সংস্থা, অল আসাম মইবা পাইবি, হিন্দিভাষী ছাত্র যুব পরিষদ, সারা আসাম ডিমাসা ছাত্র ইউনিয়ন, মাড় ছাত্র সংস্থা ইত্যাদি সংগঠন।এ ছাড়া রাজনৈতিক দলের মধ্যে আন্দোলনে নেমেছে আসামের সারা ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা, অসম গণপরিষদ প্রভৃতি।প্রসঙ্গত, কোপের উদ্যোগে গত ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মণিপুরে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ার প্রচার চালানো হয়। মণিপুরের রাজধানী ইম্ফলে এ নিয়ে সভা-সমাবেশ হয়।