ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বরাক নদে টিপাইমুখ বাঁধ তৈরি হবেই। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গতকাল শনিবার এক জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন মনমোহন সিং। বিবিসির খবরে জানানো হয়, ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধ প্রকল্পের পরিবেশসংক্রান্ত ছাড়পত্র এরই মধ্যে নেওয়া হয়েছে। এদিকে নয়াদিল্লি থেকে গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘আমাদের ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। নদীর পানি ডাইভার্ট করা হবে না। আমাদের সঙ্গে আলাপ করে পুরো তথ্য দিয়ে তারা কাজ করবে।’টিপাইমুখ বাঁধ প্রকল্পের ব্যাপারে চুক্তি হওয়ার খবরে বাংলাদেশে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হলে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে দিল্লি পাঠানো হয়। বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের আশঙ্কা, টিপাইমুখ বাঁধ হলে ভাটিতে অবস্থিত বাংলাদেশের পরিবেশের ওপর তা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।