টিপাইমুখ বাঁধে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘টিপাইমুখের জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুত্ সংস্থা (এসজেভিএন) ও রাজ্য সরকারের মধ্যে গত ২২ অক্টোবর যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়েছে।’বাংলাদেশের উদ্বেগের বিষয়টি দূর করতে ভারত সরকারের আমন্ত্রণে ২০০৯ সালের জুলাই মাসে সাংসদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় দলের দিল্লি সফরের বিষয়টি উল্লেখ করে ভারতীয় ওই মুখপাত্র আরও বলেন, ‘সে সময় সুস্পষ্টভাবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে জানানো হয়েছে, বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্যে প্রকল্পটিতে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। কিন্তু সেচকাজের জন্য নদীর গতিপথ পাল্টে দেওয়া হবে না।’২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মনমোহন সিং তাঁকে আশ্বস্ত করেছিলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ ভারত সরকার নেবে না। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ও তিনি একই আশ্বাস দিয়েছেন বলে জানান মুখপাত্র।