টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশের সম্ভাব্য লাভ ও ক্ষতির সমীক্ষা চালিয়ে তা জনসমক্ষে দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে টিপাইমুখে ভারত সরকারের একতরফাভাবে যেকোনো ধরনের বাঁধ ও স্থাপনা নির্মাণ বন্ধে বাংলাদেশ সরকারকে সুনির্দিষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়েছেন ওই দলের নেতারা।আজ শুক্রবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাসদ আয়োজিত ‘ভারত সরকার কর্তৃক একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্ত: বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় নেতারা এসব দাবি জানান। জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে শরীফ নুরুল আম্বিয়া।প্রধান আলোচকের বক্তব্যে কাজী খলীকুজ্জমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু টিপাইমুখে হবে না। কিন্তু গত ২২ অক্টোবর ভারতের কেন্দ্রীয় সরকারের উপস্থিতিতে ভারতের একটি রাজ্যের সঙ্গে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুত্ উত্পাদনে চুক্তি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকার কেন কোনো আলোচনা করেনি—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, দুই দেশের সরকারের উচিত তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জোর তদারকির। কারণ, সরকারের উচ্চপর্যায়ে যেসব সিদ্ধান্ত হয়, তা বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা বাধা সৃষ্টি করে। এ বাধা দূর করতে পারলে দুই দেশের সরকারের পক্ষে নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।প্রকৌশলী আমিনুর রহমান জানান, টিপাইমুখে যেখানে বাঁধ নির্মাণের কথা সেখানে ছোট ছোট পাঁচটি ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। ফলে ওই স্থানে ড্যাম বা জলাধার তৈরি করা হলে ভূমিকম্প প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। সভায় প্রকৌশলী আবুল কাসেম, শিরীন আখতারসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।