টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানান, সঙ্গে থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, টিপাইমুখ ও সব আন্তর্জাতিক নদীর ওপর বাঁধ নির্মাণের বিরুদ্ধে সরকারকে প্রতিবাদ করতেই হবে। আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া এই দেশ ও জনগণের অধিকার। সরকারকে জনগণের সেই অধিকার সংরক্ষণ করতে হবে, স্বার্থ রক্ষা করতে হবে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েতে খালেদা জিয়া এসব কথা বলেন। ঢাকার ধামরাই উপজেলার হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এই গণজমায়েত হয়। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেকের জন্মদিন ছিল ২০ নভেম্বর।প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়াই বাঁধ নির্মাণের চুক্তি হয়েছে। এতে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য বিএনপি এর প্রতিবাদ করেছে। তিনি বাঁধের কাজ বন্ধ রেখে এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার আহ্বান জানান। টিপাইমুখ ও অন্যান্য নদীর ওপর বাঁধ নির্মাণ ও সীমান্তে হত্যার প্রতিবাদ না করায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা (সরকার) প্রতিবাদ জানান। আমরা আপনাদের সঙ্গে থাকব। ভয় পাবেন না। এটা আপনাদের করা উচিত।’খালেদা জিয়া সবাইকে সরকার হটাও আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা মহাসংকটে পড়েছে। সরকারের ঋণের কারণে ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার আশঙ্কা আছে। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ নেই। লুটপাটের কারণে দেশি-বিদেশিরা এই সরকারকে বিশ্বাস করতে পারছে না। টাকা না দেওয়ায় প্রকল্প বন্ধ হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, যুদ্ধের পরও তো রিজার্ভ ছিল না, তখন কি দেশ চলেনি? তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার বাবা দেশ চালাতে পারেননি। সে সময় দুর্ভিক্ষে না খেয়ে মানুষ মরেছে। জিনিসপত্রের মূল্য নাগালের বাইরে চলে যাওয়ায় এখন দেশে সেই অবস্থা বিরাজ করছে।’পদ্মা সেতু প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এই সেতুর নির্মাণকাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারদলীয়দের লুটপাটের কারণে বিদেশিরা এদের কাছে অর্থ ছাড় দিতে চাইছে না। কাজ শুরুর আগেই সরকারদলীয় ব্যক্তিরা টাকার ভাগবাটোয়ারা করে ফেলেছেন। অথচ এখন সেতু না করতে পারার দোষ বিএনপি ও ড. মুহাম্মদ ইউনূসের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, শেয়ারবাজার লুটপাটকারী, বিদেশে অর্থ পাচারকারী আর ভিওআইপির ব্যবসা করে যাঁরা টাকা পাচার করছেন, তাঁদের বিরুদ্ধে ক্ষমতায় গেলে ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার বলছেন, এভাবে দেশ চলতে পারে না। মহাজোটের শরিক নেতা হাসানুল হক ইনু বলছেন, এই সরকার বেইমান। এরপর বিরোধী দল হিসেবে আমাদের আর কী বলার আছে?’ তিনি বলেন, এই সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এই সরকার এমনভাবে হারবে যে মুখ দেখাতে পারবে না।তারেক সম্পর্কে খালেদা জিয়া বলেন, ‘তারেকের অপরাধ, সে এ দেশের জনগণকে ছেড়ে কোথাও যেতে চায়নি। তার অপরাধ, সে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চেয়েছে। এ জন্য মেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে দেশি-বিদেশিরা ছিল। এরা দেশকে অধীনস্ত করতে চায়।’ তিনি বলেন, ‘আমার, তারেকের ও বিএনপির নেতাদের বিরুদ্ধে এক-এগারোর সময় যত মামলা দেওয়া হয়েছে, নিরপেক্ষ বিচার হলে এর একটিও প্রমাণিত হবে না। কিন্তু বিচার বিভাগ আর নিরপেক্ষ নয়। তবে এ অবস্থা বেশি দিন চলবে না।’খালেদা জিয়া গণজমায়েতস্থলে পৌঁছান বেলা তিনটা ২০ মিনিটে। তিনি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১২টি ল্যাপটপ, দুস্থ নারীদের মধ্যে গরু, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন। জমায়েতে ঢাকা মহানগর ছাড়াও ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার ছাত্রদল ও বিএনপির হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। ঢাকা থেকে ধামরাই পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়। রাস্তার পাশজুড়ে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেকের ছবি-সংবলিত ব্যানার, বিলবোর্ড।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান প্রমুখ।