টিপাইমুখ সমীক্ষা: দিল্লির কাছে বাড়তি তথ্য চেয়েছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ নিয়ে সমীক্ষার জন্য ভারতের কাছে বাড়তি তথ্য ও প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশ কোন পদ্ধতিতে সমীক্ষা পরিচালনা করবে, তা চূড়ান্ত করেছেন দুই দেশের বিশেষজ্ঞরা। আজ শনিবার ঢাকায় টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা দলের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত দুই দিনের এ বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মীর সাজ্জাদ হোসেন। আর ভারতের নেতৃত্বে ছিলেন জেআরসির অন্যতম সদস্য এন কে মাথুর। জেআরসির একটি কারিগরি উপকমিটির আওতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভারতের মনিপুর রাজ্যের বরাক নদের ওপর বাংলাদেশ থেকে ২১০ কিলোমিটার উজানে প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পের প্রভাব নিয়ে যৌথ সমীক্ষা পরিচালনার জন্য গত বছরের আগস্টে জেআরসির আওতায় কারিগরি পর্যায়ের এ উপকমিটি গঠন করা হয়। দুই দিনের এ বৈঠক শেষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিপাইমুখের প্রভাব নিয়ে বাংলাদেশের পক্ষে সরকারের দুটি সহযোগী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পরিচালিত দুটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সমীক্ষার জন্য ভারতের কাছে বাড়তি তথ্য ও প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে জানতে চাইলে জেআরসির সদস্য মীর সাজ্জাদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত আগস্টে নির্ধারিত যৌথ সমীক্ষার কার্যপরিধি অনুযায়ী আমরা ভারতের কাছে বাড়তি কিছু তথ্য ও প্রতিবেদন চেয়েছি। ভারত আমাদের অনুরোধ অনুযায়ী এসব তথ্য ও প্রতিবেদন দিতে রাজি হয়েছে।’মীর সাজ্জাদ আরও বলেন, ‘বাংলাদেশের দুই পরামর্শক সংস্থা আইডব্লিউএম ও সিইজিআইএসের দুটি প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে কিছু মতামত দেওয়া হয়েছে, যা দুপক্ষের সম্মতিতে ওই প্রতিবেদন দুটিতে সন্নিবেশিত করার সিদ্ধান্ত হয়েছে। কোন পদ্ধতিতে সমীক্ষা হবে, সেটিতে দুপক্ষ সম্মত হয়েছে।’