টিপাইমুখবিরোধী লংমার্চের শেষ নির্বাচনী প্রচারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির টিপাইমুখবিরোধী দুই দিনের লংমার্চ শেষ দিনে জকিগঞ্জে এসে নির্বাচনী জনসভায় পরিণত হয়। পার্টির চেয়ারম্যান দুই এলাকায় দুই নেতাকে আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার গঠনেরও ঘোষণা দেন তিনি। গতকাল রোববার বিকেলে জকিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘রাস্তায় নামলাম, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে ঘরে ফিরব।’২০ মিনিটের বক্তৃতায় এরশাদ আগামী নির্বাচনে সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। ক্ষমতায় গেলে এলাকার জন্য কী করবেন, তার কিছু প্রতিশ্রুতিও দেন। এরশাদ বলেন, ‘ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার করব, সিলেটকে জালালাবাদ প্রদেশ করব।’ বর্তমানে দেশে নানা সংকট ও জনদুর্ভোগ চলছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশবাসী মুক্তি চায়, আমি মুক্তি দিতে চাই। আরেকবার সুযোগ দিন, গ্যাস-বিদ্যুৎ আসবে, যুবকদের চাকরি হবে, বন্ধ কলকারখানা চালু হবে, শ্রমিকেরা সুখে-শান্তিতে থাকবে।’গত শনিবার সকালে ঢাকা থেকে কয়েক শ গাড়ির বহর নিয়ে এরশাদ সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের উদ্দেশে লংমার্চ শুরু করেন। তিনি সিলেটের পথে সাতটি পথসভা ও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন। এসব সমাবেশে এরশাদ টিপাইমুখ বাঁধের বিষয়ে দেশের সব রাজনৈতিক দলকে একমত হয়ে আলোচনায় বসার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দেন।গতকাল জকিগঞ্জের জনসভায়ও এরশাদ একই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না থাকায় ভারত আমাদের দুর্বল মনে করে বাঁধ নির্মাণ করার সাহস পেয়েছে। আমার বিশ্বাস, আমরা একমত হতে পারলে ভারত বাঁধ নির্মাণ করতে পারবে না।’এরশাদ বলেন, ‘অনেকের কাছে প্রশ্ন, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে আমাদের আন্দোলন কি শেষ? না, আমাদের আন্দোলন শুরু হলো মাত্র। ভারত যে প্রতারণা করেছে, তা সবখানে তুলে ধরব।’জাতীয় পার্টির চেয়ারম্যান তিন মাসের মধ্যে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি করার প্রতিশ্রুতি দিয়ে তা না করা এবং বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু না করার ঘোষণা দিয়েও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনি ওয়াদা করে তা রাখেননি। আমরা রাস্তায় নেমেছি, জীবন থাকতে টিপাইমুখ বাঁধ হতে দেব না।’সমাবেশে এরশাদ আবারও এককভাবে নির্বাচন করার ঘোষণা দেন এবং ক্ষমতায় ফিরে আসার স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, আগামী নির্বাচন এককভাবে করব। কারও জোটে যাব না। দেখতে চাই, আমার জনপ্রিয়তা কতটা। আমার মনে হচ্ছে, সেদিন বেশি দূরে নয়, একদিন না একদিন ফিরে আসব।’গতকাল সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জকিগঞ্জের উদ্দেশে লংমার্চ শুরু হয়। বেলা সোয়া দুইটায় লংমার্চ জকিগঞ্জে পৌঁছায়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত সমাবেশ চলে। এতে এরশাদসহ দলের ২২ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা বক্তব্য দেন।জকিগঞ্জের জনসভায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা শাব্বির আহমদকে পরিচয় করে দিয়ে এরশাদ বলেন, ‘শাব্বির আমাদের আগামী দিনের সংসদ সদস্য।’ এর আগে বেলা সোয়া ১১টায় গোলাপগঞ্জ উপজেলা সদরের চৌমুহনী ও দুপুর সোয়া ১২টায় বিয়ানীবাজারের চারখাই বাজারে দুটি পথসভায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেন। এরশাদ বলেন, ‘সেলিমকে আপনাদের কাছে রেখে গেলাম, ওকে আপনারা দেখবেন।’জনসভায় টিপাইমুখ বাঁধ প্রতিরোধ লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ বলেন, সরকারকে চরমপত্র দেওয়ার সময় এসে গেছে। তিনি এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘আপনি প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছেন। প্রধানমন্ত্রী আপনার কথা না শুনলে মহাজোটকে লাথি মেরে বেরিয়ে আসুন, জনগণ আপনার সঙ্গে আছে।’জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নূরে হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।