জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘টিপাইমুখে বাঁধ দিলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও ওই অঞ্চলের সব হাওর শুকিয়ে যাবে। ফলে সিলেটসহ সারা দেশ বিপর্যয়ের মুখে পড়বে। এটি আমাদের জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়াবে। তাই যেকোনো মূল্যে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত করা হবে।’ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চে যাওয়ার পথে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে এক পথসভায় এরশাদ এ কথা বলেন। এরশাদ আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীতে বাঁধ দিলে ভাটির দেশের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু ভারত সেটা করছে না। যৌথ জরিপের মাধ্যমে বাংলাদেশের লাভ-ক্ষতি দেখার দাবি জানান তিনি। প্রয়োজনে তিনি আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন। বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সকাল সাড়ে সাতটায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে শতাধিক গাড়ি নিয়ে এরশাদের নেতৃত্বে লংমার্চ শুরু হয়। সকাল সাড়ে আটটায় লংমার্চের বহর কাঁচপুর ব্রিজে পৌঁছায়। এ সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, বরাক একটি আন্তর্জাতিক নদী। এই নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এই বাঁধের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করতে হবে।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে ফারাক্কার মতো ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদী শুকিয়ে যাবে। বিপর্যয়ের মুখে পড়বে দেশ। দেশবাসী বাঁধ চায় না, তাই আমরাও এই বাঁধ চাই না।আজ বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে টিপাইমুখ বাঁধ তৈরির উদ্যোগের প্রতিবাদে জাতীয় পার্টির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। কাল রোববার বেলা ১১টায় সিলেটের জকিগঞ্জে সমাবেশের মাধ্যমে জাতীয় পার্টির এই কর্মসূচি শেষ হবে।