টিপাইমুখে বাঁধের প্রতিবাদে সরকারের সঙ্গে থাকবে বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দেশের প্রধানমন্ত্রীর কিছু দিন আগে দেখা হয়েছে। এর পরই টিপাইমুখে বাঁধ দেওয়া হচ্ছে। টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার কোনো প্রতিবাদ করেনি। তাহলে এ সরকার জনগণের সরকার কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘বাঁধ দেওয়া নিয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করলে আমরাও আপনাদের সঙ্গে প্রতিবাদ করব। তাই টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু নেই।’আজ মঙ্গলবার ঢাকার ধামরাই উপজেলা সদরে হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন।খালেদা জিয়া বলেন, দেশ আজ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশের মানুষ আজ দুবেলা খেতে পারছে না। বিদ্যুত্, গ্যাস, পানির সংযোগ বন্ধ রাখা হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। আর এসবের মাধ্যমেই সরকার প্রমাণ করেছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই যেকোনো মূল্যেই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।