টিফার আদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক চুক্তি করছে বাংলাদেশ। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (টিইসিএফ) আওতায় এ চুক্তি করা হবে। জানা গেছে, প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তিটি (টিফা), শেষ পর্যন্ত তা করা হয়নি। এর বদলে টিইসিএফ করা হচ্ছে টিফার আদলেই। টিফা নামটি যুক্তরাষ্ট্র দিয়ে থাকলেও নতুন নামের প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশই। বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ সম্প্রতি প্রস্তাবিত চুক্তিটির বিষয়ে সর্বশেষ অগ্রগতি ও প্রস্তুতির কথা জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে। গত ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় দর-কষাকষি করে যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী। সূত্র জানায়, আগামী আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলও এ ব্যাপারে বাংলাদেশে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সম্ভাব্য চুক্তিটির অগ্রগতি হচ্ছে না কেন, জানতে চেয়ে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বারবার আলোচনা ভেঙে গেলে পারস্পরিক অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শনিবার প্রথম আলোকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ চলছে। তবে, যা-ই করা হোক না কেন, আগে দেখা হবে দেশীয় স্বার্থ।’ বাণিজ্যমন্ত্রী ফারুক খান চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অনেক দূর অগ্রসর হওয়া গেছে। দু-একটি বিষয়ে এখনো দর-কষাকষি চলছে। তবে যা-ই করা হোক, জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই করা হবে।’ বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সফর করে এসেছি। আলোচনাও হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো বলার মতো কোনো পর্যায় আসেনি। যথাসময়ে ঠিকই জানানো হবে।’ যেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি চলছিল, তার মধ্যে শ্রমের মানসংক্রান্ত বিষয়টি ছাড়া অন্যগুলোর ব্যাপারে একমত হওয়া গেছে বলে মন্তব্য করেন বাণিজ্যসচিব। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে কোনো শিশুশ্রম না থাকুক।’ সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দক্ষিণ এশীয় অঞ্চলের সহকারী মাইকেল জে ডিলানি বাংলাদেশে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে একটি চিঠি দিয়ে গেছেন। এতে তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রন কার্ক বিশ্বাস করেন, একটি সুস্থ বাণিজ্যব্যবস্থার অন্যতম শর্ত হলো মর্যাদা রক্ষার যথাযথ ব্যবস্থা করা এবং শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রাখা।’ বাংলাদেশের লাভ না ক্ষতি: বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্র চায় মূলত মেধাস্বত্ব আইনের পূর্ণ বাস্তবায়ন। কারণ, এটি না হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে। তবে চুক্তি হলে এ ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার আলোকে স্বল্পোন্নত দেশ হিসেবে যে বিভিন্ন ছাড় পেয়ে আসছে বাংলাদেশ, তা উপেক্ষিত থাকছে। যেমন ২০১৩ সালের ১ জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশকে কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্টসহ অন্য কোনো মেধাস্বত্ব বিধি প্রয়োগ করতে হবে না। ফলে সাশ্রয়ীমূল্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। আর ওষুধের ক্ষেত্রে ২০১৬ সাল পর্যন্ত পেটেন্টের কোনো বাধ্যবাধকতা নেই। সূত্র জানায়, আজকে বাংলাদেশে ওষুধশিল্পের যে বিকাশ তার অন্যতম কারণ হলো এই ছাড়। ফলে বাংলাদেশ স্বল্প খরচে ওষুধ উৎ পাদন করে ৭৫টি দেশে রপ্তানির সুযোগ পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মেধাস্বত্ব বাস্তবায়নের কথা স্বীকার করা হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ তৈরি করা হবে তা বাস্তবায়নের জন্য। এতে বাংলাদেশের জন্য তথ্য-প্রযুক্তির ব্যবহার ব্যয়বহুল হবে। চড়া দরে সফটওয়্যারের নিবন্ধন নিতে হবে। বাধাগ্রস্ত হবে ওষুধের উৎ পাদন ও রপ্তানি। এদিকে ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটসের (ট্রিপস) নামে বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে নানা স্বত্ব তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র। কৃষিসহ বিজ্ঞান ও প্রযুক্তির সব সম্ভাবনাময় খাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া চুক্তির জন্য যে অবশ্যপালনীয় যৌথ কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, তাতে বাংলাদেশের পক্ষে কাউন্সিলের প্রধান হবেন বাণিজ্যসচিব। আর যুক্তরাষ্ট্রের পক্ষে হবেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় মনোনীত একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা। এর ফলে চুক্তির কার্যক্রম পুরোপুরি আমলানির্ভর হয়ে পড়ার এবং রাজনৈতিক দিক উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। অথচ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতে মালয়েশিয়ার পক্ষে বাণিজ্যমন্ত্রী আর যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মন্ত্রী মর্যাদায়) কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। বিশেষজ্ঞদের অভিমত: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের উচিত হবে স্বল্পোন্নত দেশ হিসেবে ডব্লিউটিও থেকে বর্তমানে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়, চুক্তি হলেও ওইগুলো যাতে বলবৎ থাকে, সেই চেষ্টা করা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তি হতেই পারে। কারণ, বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে। তবে দেখতে হবে, চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না।’ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (ডি-নেট) নির্বাহী পরিচালক ও বাণিজ্য বিশেষজ্ঞ অনন্য রায়হান বলেন, ডব্লিউটিও থেকে বাংলাদেশ যে সুযোগ-সুবিধা পায়, চুক্তিতে যদি তা অস্বীকার করা হয়, তাহলে তা ওই চুক্তি করতে নীতিগতভাবেই রাজি হওয়ার কোনো সুযোগ নেই। অনন্য রায়হান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তিই একটি সংবেদনশীল বিষয়। তাই বিষয়টি নিয়ে গণবিতর্কসহ অবিলম্বে চুক্তির খসড়া প্রকাশ করা উচিত। তথ্য অধিকার আইন অনুযায়ী যেকোনো নাগরিকেরই এ ব্যাপারে মত দেওয়ার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি।