পয়লা আষাঢ় উপলক্ষে ‘বর্ষাবরণ’ উৎসবের আয়োজন করা হয়েছে। তার মধ্যে দুটিতে গান করবেন অদিতি মহসিন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এবং সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। টিভির অনুষ্ঠানেও থাকছে তাঁর গান। এদিকে ভারতের এইচএমভি থেকে বেরিয়েছে তাঁর নতুন অ্যালবাম এমন দিনে তারে বলা যায়। কথা হলো অদিতি মহসিনের সঙ্গে।বর্ষাবরণ উৎসবে আজ কোন গান করবেন?অবশ্যই বর্ষার গান। সকালে হাকিম চত্বরে ‘আবার এসেছে আষাঢ়’ গানটি করার ইচ্ছা আছে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় কোন গানটি করব, এখনো ঠিক করিনি। আর বাংলাভিশনের বর্ষাবরণ অনুষ্ঠানে আমার সঙ্গে আরও আছেন ফাতেমা-তুজ-জোহরা এবং মাহিদুল ইসলাম। আর দেশ টিভির বাদল মেঘে মাদল বাজে অনুষ্ঠানে আমরা অনেকেই গান করেছি। এবার তো বর্ষাকে বরণ করার জন্য অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে।এটা কিন্তু খুব ইতিবাচক দিক। শহুরে নাগরিক জীবনে কোথা দিয়ে আষাঢ় আসে, কখন বর্ষাকাল শেষ হয়, জানাই যায় না। ইট-কাঠ-পাথরের নগরে বৃষ্টির রিমঝিম শব্দটা কী রকম, তা অনেকেই জানে না। সেদিক থেকে এই অনুষ্ঠানগুলো সবাইকে বর্ষার সুন্দর এবং রোমান্টিক রূপের কথা মনে করিয়ে দেয়। আপনার নাকি নতুন অ্যালবাম এসেছে?হ্যাঁ, দুটি অ্যালবাম। এইচএমভি থেকে এসেছে এমন দিনে তারে বলা যায়। এই অ্যালবামে একটা ভাবনা আছে। প্রেম-প্রতীক্ষা নিয়ে রবীন্দ্রনাথের যে গানগুলো আছে, সেখান থেকে ১০টি বেছে নিয়েছি। কলকাতায় এইচএমভি স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং হয়েছে। ওই স্টুডিওতে ঢুকলে আনন্দে মনটা ভরে যায়। কারণ স্টুডিওর দেয়ালে অনেক বড় বড় সংগীতব্যক্তিত্বের ছবি ঝোলানো আছে। তাঁরা একসময় এই স্টুডিওতে কাজ করেছেন। তখন নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়।আর অন্য অ্যালবামটি?ওটার নাম শারদ প্রাতে। ২০০৪ সালে ভারতে পিএনএম রেকর্ডস ওটা বের করেছিল। এবার বাংলাদেশে এটা লেজার ভিশন প্রকাশ করেছে। এ বছর কিন্তু আমার তিনটা অ্যালবাম বেরিয়েছে। অন্যটি এসেছে গত মার্চ মাসে বেঙ্গল ফাউন্ডেশন থেকে, বিপুল তরঙ্গরে। এবার আর নয়। তবে আগামী বছর বাংলাদেশ ও ভারত থেকে আমার একাধিক অ্যালবাম আসার সম্ভাবনা আছে।