টিভি চ্যানেল পেয়ে এখন জমির জন্য আবেদন
অনুমোদন পাওয়া ১২টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কয়েকটির মালিক সম্প্রচার শুরুর আগেই সরকারের কাছে জমি চেয়েছেন। ইতিমধ্যে তেজগাঁওয়ের ‘মিডিয়া পল্লিতে’ সরকারি জমি বরাদ্দ চেয়ে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে আবেদনও জমা পড়েছে। চ্যানেল চালু করার মতো আর্থিক সক্ষমতা নেই যাঁদের, মূলত তাঁরাই এই জমি দেখিয়ে ব্যাংকঋণ নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।সরকার গত বছরের ১১ অক্টোবর ১০টি এবং গত ফেব্রুয়ারি ও এপ্রিলে আরও দুটি মোট ১২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ে ‘মিডিয়া পল্লি’ নামে পরিচিত এলাকায় সরকারি জমি বরাদ্দ পেতে ইতিমধ্যেই গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকটি চ্যানেলের মালিক। গত ২৫ এপ্রিল প্রতিমন্ত্রীকে দেওয়া চিঠিতে ’৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক মিডিয়া পল্লিতে এক একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। দেড় থেকে দুই বিঘা জমির জন্য ৫ মে আবেদন করেছেন সময় মিডিয়া লিমিটেডের পক্ষে আহমেদ জোবায়ের। এর আগে মাই টিভির পক্ষে নাসিরউদ্দিনও আবেদন করেছেন। জমি চেয়েছেন এটিএন নিউজ, চ্যানেল ২৪-এর মালিকেরাও।জানতে চাইলে গণপূর্ত প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, কয়েকটি টিভি চ্যানেলের মালিক জমি বরাদ্দের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। আবেদনের বিষয়বস্তু, উদ্দেশ্য ও লক্ষ্য বিবেচনা করে রাজউকের প্রচলিত বিধি অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জমির দাম কীভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই নগদ টাকা দিয়ে এ জমি কিনতে হবে। একমাত্র প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তিনি ইচ্ছা করলে প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দিতে পারেন।তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বেসরকারি এ টিভিগুলো যাতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে চালু হয়, সে জন্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সব উদ্যোক্তার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। বৈঠকে টিভির মালিকেরা তথ্যমন্ত্রীর কাছে জমি ও ব্যাংকঋণসহ নানা সমস্যার কথা বলেছেন। কয়েকজন বলেছেন, তাঁরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে টিভি চালু করার চেষ্টা করবেন।জানতে চাইলে তথ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উদ্যোক্তাদের টেলিভিশন চ্যানেল চালু করতে হবে। অনুমোদনের তারিখ (যেদিন থেকে তথ্য মন্ত্রণালয় টিভি সম্প্রচারের অনুমোদন দিয়েছে) থেকে এক বছরের মধ্যে চ্যানেলগুলো চালু করার কথা। এই সময় আর বাড়ানো হবে না বলে মন্ত্রী জানান।বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মিডিয়া পল্লি’ নামে যে জমি আছে, তা ইজারা দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়মনীতি নেই। পছন্দ ও অপছন্দের ভিত্তিতেই এ জমি বরাদ্দ দেওয়া হয়। এ জন্য সর্বজনগ্রাহ্য একটি নীতিমালা প্রণয়ন করা জরুরি।গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সরকারের অনুগ্রহ নিয়ে গণমাধ্যম পরিচালনা মোটেই যুক্তিযুক্ত নয়। এতে নৈতিক অবক্ষয় হয়।মহাজোট সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোট আমলে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন বিষয়ে নানা অনিয়মের কথা তুলে ধরা হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁর সরকার কখনোই এ ধরনের অনিয়ম করবে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন দেওয়া হবে।নীতিমালা মানা হয়নি: নতুন টিভি চ্যানেল অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এবারও নীতিমালা মানা হয়নি বলে জানা গেছে। টিভি চ্যানেল পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা কিংবা কারও কারও আর্থিক সক্ষমতা না থাকলেও রাজনৈতিক বিবেচনায় এসব চ্যানেল অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। দেশে এ মুহূর্তে নয়টি বেসরকারি টিভি চ্যানেল চালু রয়েছে, যার মধ্যে ছয়টির অনুমোদন দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। এগুলো অনুমোদনের ক্ষেত্রেও নীতিমালা মানা হয়নি। জোট আমলে অনুমোদন পাওয়া চ্যানেল ওয়ান অবশ্য তরঙ্গ শর্ত ভঙ্গের অভিযোগে এক মাস আগে সরকার বন্ধ করে দেয়।নীতিমালায় বলা আছে, বেসরকারি মালিকানায় টিভি চ্যানেল স্থাপন ও পরিচালনার জন্য বেতার, টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চাইবে তথ্য মন্ত্রণালয়। এ ছাড়া নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স দেওয়া হবে। কিন্তু ১২টি চ্যানেল অনুমোদন দেওয়ার আগে কোথাও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। চ্যানেলগুলো কোনো জামানত বা লাইসেন্স ফিও দেয়নি বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্রের ভিত্তিতে তরঙ্গ বরাদ্দ নিয়ে এই ১২টি চ্যানেলের মধ্যে ১০টি এখনো সম্প্রচার শুরু করতে পারেনি। মাই টিভি গত মাসে সম্প্রচারে গেছে এবং এটিএন নিউজ পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে। এদিকে অনুমোদন পাওয়া মাছরাঙা, ’৭১ টেলিভিশন ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিকেরা রেডিওর জন্যও অনুমোদন চেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সাবেক তথ্যসচিব জামিল ওসমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালের টেলিভিশন নীতিমালায় স্পষ্টভাবে ‘বিজ্ঞপ্তি’ দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চাওয়ার কথা বলা আছে। তাই বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দেওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল। বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হতো।এ প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের যুক্তি হচ্ছে, কোনো নীতি মেনে তাঁরা টেলিভিশন চ্যানেলগুলোর অনুমোদন দেননি, এটা ঠিক। কিন্তু এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ও কোনো নীতি মানা হয়নি। তাঁরা জানান, আগের সেই ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা ঠিক, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের বিবেচনায় ১২টি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে।বেঁধে দেওয়া সময়ের মধ্যে চালু করা সম্ভব নয়: তড়িঘড়ি অনুমোদন দেওয়া হলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে উদ্যোক্তারা টিভি চ্যানেলগুলো চালু করতে পারছেন না। অনুমোদনের তারিখ থেকে এক বছরের মধ্যে চালু করতে না পারলে এসব চ্যানেলের অনুমতি-আদেশ বাতিল হওয়ার কথা। সূত্র জানায়, এখন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি বরাদ্দের জন্য অনেকে আবেদনই করেননি। এই বরাদ্দ পেতে প্রায় তিন মাস সময় লাগে। তরঙ্গ বরাদ্দ পাওয়ার পরই যন্ত্রপাতি আমদানি করার কথা। সম্প্রচারের প্রস্তুতি: ’৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা মোটামুটি প্রস্তুত। আমাদের টিভি চ্যানেল চালু হবে ১৬ ডিসেম্বর। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১০ অক্টোবর চালুর কথা।’ পরিচালনব্যয়ের বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা বাজারে শেয়ার ছেড়ে তহবিল গঠন করব।’ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান, এটিএন নিউজের প্রধান সম্পাদক মনজুরুল ইসলাম এবং বিজয় টিভির চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, এক বছরের মধ্যে টিভি চালু করার জন্য তাঁরা মোটামুটি প্রস্তুত। কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের বলেন, ‘৬ ফেব্রুয়ারি তরঙ্গ বরাদ্দ পেয়েছি। প্রস্তুতি চলছে, এখনো অনেক কাজ বাকি। অফিস খোঁজা হচ্ছে। তা ছাড়া ব্যাংকঋণ নেওয়ার চেষ্টা করছি।’ তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, চ্যানেলগুলো ঠিক সময়ে চালু হবে।’রাজনৈতিক বিবেচনায় অনুমোদন: ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ। এর আগে মুক্তকণ্ঠ নামে একটি বাংলা দৈনিক প্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে ইনডিপেন্ডেন্ট নামের একটি ইংরেজি দৈনিক তাঁর বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন। তিনটি প্রতিষ্ঠান ’৭১ টেলিভিশন নামে অনুমোদন চেয়েছিল। কিন্তু সরকার-সমর্থক মোজাম্মেল হক ওই নামে চ্যানেল পেয়েছেন।সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হয়েছে আহমেদ জোবায়েরকে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এই টিভি চ্যানেলের অন্যতম অংশীদার।সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান বেস্ট গ্রুপকে মোহনা টেলিভিশন অনুমোদন দেওয়া হয়েছে। সরকারদলীয় আরেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম আশরিয়া গাজীকে দেওয়া হয়েছে গাজী টেলিভিশন (জিটিভি)।চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দেওয়া হয়েছে বিজয় টিভির অনুমোদন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিটি করপোরেশনের অর্থে অবৈধভাবে বিজয় টিভি চালুর উদ্যোগ নেওয়ায় দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। ওই মামলায় তিনি গ্রেপ্তারও হন। আরও কয়েকটি প্রতিষ্ঠান টিভির অনুমোদন পেয়েছে, তাদের মধ্যে রয়েছে অঞ্জন চৌধুরীর মাছরাঙা টেলিভিশন এবং হা-মীম গ্রুপের এ কে আজাদের চ্যানেল ২৪।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বেসরকারি টিভি চ্যানেলের জন্য একটি নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। কয়েকটি অনুচ্ছেদে অসংগতি ও ঘাটতি থাকায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে ’৯৮ সালের নীতিমালাটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয় ২০০৮ সালের ৩০ নভেম্বর ‘বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নীতিমালা’ নামে একটি খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করে। উপদেষ্টা পরিষদ খসড়াটি আরও সংযোজন করে পুনরায় উত্থাপন করার কথা বলে। পরে আর বিষয়টি এগোয়নি।