টিভি চ্যানেলের নীতিমালা বিবেচনাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বেসরকারি টিভি চ্যানেলের জন্য বিস্তারিত নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি টিভি চ্যানেলগুলোকে অধিকতর গণমুখী ও নিরপেক্ষ ভূমিকা পালনের উপযোগী করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিস্তারিত নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। ’আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার সাংবিধানিক নির্দেশনা ও নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সব গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ সুনিশ্চিত করেছে। এতে টেলিভিশন চ্যানেলসহ গণমাধ্যমগুলো বর্তমানে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ও নীতিবোধ গভীরভাবে যুক্ত। পূর্ণ বাক স্বাধীনতার সুযোগে কোন নাগরিক বা প্রতিষ্ঠানের চরিত্র হনন করা কারও কাম্য নয়। আদালত-সংক্রান্ত কোনো মন্তব্য করার বিষয়ে সাংবিধানিক সীমারেখা রয়েছে। এ বিষয়টি প্রতিপালন করা সব সাংবাদিকে জন্য অপরিহার্য। সব গণমাধ্যম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করবে এটাই জনগণের প্রত্যাশা। বাসস।