টিভি নাটক নিয়ে উৎসব
বিভিন্ন টিভি চ্যানেলে গত বছর প্রচারিত এক ঘণ্টার নাটক নিয়ে উৎসব আয়োজন করছে চারুনীড়ম। শিরোনাম ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব ২০১১’। ছয় দিনের এই উৎসব শুরু হচ্ছে ৯ মার্চ, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। আয়োজক প্রতিষ্ঠান চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘চতুর্থবারের মতো আমরা এই উৎসব আয়োজন করছি। গত বছর বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া খুব ভালো মানের ২৪টি এক ঘণ্টার নাটক এখানে দেখানো হবে। এক ঘণ্টার নাটককে আমরা বলছি কাহিনিচিত্র।’তিনি জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে মামুনুর রশীদের আবার ফাল্গুন নাটকটি। এবার হুমায়ূন আহমেদ, আবুল হায়াত, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, মাসুদ হাসান, সৈয়দ আওলাদ, শিহাব শাহীনসহ কয়েকজন নতুন নির্মাতার নাটকও দেখানো হবে। এসব নাটকের মধ্য থেকে আগামী এপ্রিল মাসে ১০টি বিভাগে দেওয়া হবে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’। থাকবে আজীবন সম্মাননাও। গাজী রাকায়েত বলেন, ‘সব কটি টিভি চ্যানেলের কর্তৃপক্ষকে এক ঘণ্টার নাটক প্রচারের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য আমরা একটি আন্দোলন শুরু করেছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত, ইদানীং প্রায় প্রতিটি চ্যানেলই এক ঘণ্টার নাটক প্রচার করছে।’