টিভি-বন্দনা...
দেয়ালে দেয়ালে পোস্টার, পত্রিকার পাতায় পাতায় বিজ্ঞাপন। টিভির দাম কমেছে, পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য ছাড়। টিভি কিনলেই রয়েছে উপহার পাওয়ার যোগ, মগ থেকে শুরু করে আরও কত কী! ইলেকট্রনিক পণ্যের বাজারে এমন তোড়জোড়, সবার একযোগে এমন বদান্যতার রেওয়াজ কিন্তু আবার নজরে পড়ল চার বছর পর। আর বিশ্বকাপের এই সুযোগে নিজের পছন্দসই টিভিটা ঘরে তুলতে দর্শকেরাও ভুল করছেন না মোটেই।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ইলেকট্রনিক মার্কেটে নিজেদের জন্য টিভি বাছতে হাজির হয়েছিলেন শাহজাহানপুরের তানভীরুল আলম এবং তাঁর বাবা ইফতেখারুল আলম। পিতাপুত্র মিলে যে টিভিটা বাছলেন, সেটা বেশ বড়। ওটা ঘরে বসালে ঘরকে সিনেমা হল বলে চালিয়ে দেওয়া যাবে অনায়াসে। ‘আমরা বাপ-ব্যাটা আর্জেন্টিনার হার্ডকোর ফ্যান। গ্যালারিতে বসে তো আর খেলা দেখার সামর্থ্য আমাদের নেই, তাই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ যাতে ভালো করে দেখতে পারি, সে জন্য এত বড় টিভি কিনলাম।’ বলছিলেন ইফতেখারুল আলম। পুত্র তানভীরুল আলমও সায় দিলেন তাতে। বললেন, ‘শুধু বিশ্বকাপের জন্যই টিভিটা কেনা হলো, না হলে আগের টিভিটাই চলত।’তবু ভালো, এ দুজন ঢাকার মানুষ, মঞ্জুরুল করিম তো সেই পাবনা থেকে এসেছেন টিভি কিনতে। পাবনা ছেড়ে ঢাকায় কেন? জানতে চাইলে তিনি জবাব দিলেন, ‘ফুটবল ম্যাচ দেখাটা আমার শখ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আমি আরাম করে দেখতে চাই। সে জন্যই ৩২ ইঞ্চি টিভি কিনব একটা। সেটা পাবনায় পাওয়া যায় না। এই মার্কেটে এসে পেয়ে গেলাম। পছন্দও হয়েছে, এখন দামে বনলে নিয়ে যাব।’রফিকুল ইসলাম অবশ্য বড় নয়, খুঁজছিলেন ছোট টিভি। কারণ হিসেবে বললেন, ‘আমার একটা দোকান আছে বাড্ডায়। সারা দিন সেখানেই থাকতে হয়, কাজের চাপ বেশি থাকলে মাঝেমধ্যে রাতেও থাকি। কিন্তু চার বছর পর বিশ্বকাপের খেলা হবে, কাজের জন্য সেইটা তো মিস করা যাবে না। দোকানের ভেতরে জায়গা তো খুবই অল্প, টেবিলের এক কোনায় বসানোর জন্য ছোট দেখে একটা টিভি কিনতে চাই।’ক্রেতাদের এমন সব চাহিদার খবর অবশ্য এখানকার দোকানিরা বেশ ভালোই রাখেন। এদিক-সেদিক সামান্য হাঁটতেই দেখা গেল স্টেডিয়ামের দোকানগুলোয় ফুটবল বিশ্বকাপের কারণে অন্য সব পণ্যের চেয়ে টিভিকেই প্রাধান্য দিচ্ছে বেশি। একেবারে ঢোকার মুখেই সারি সারি টেলিভিশন সাজিয়ে রাখছেন তাঁরা, যাতে দোকানের সামনের রাস্তায় হাঁটতে থাকা ক্রেতাদের নজরে পড়ে। এবার অবশ্য ক্রেতাদের নজর একটু বড় এবং তুলনামূলকভাবে ভালো মানের টেলিভিশনের দিকে, বিশেষ করে এলসিডি টিভি কিনতেই বেশির ভাগ ক্রেতার ঝোঁক। বিষয়টা ব্যাখ্যা করলেন একজন বিক্রেতা, বললেন, ‘এলসিডি টিভিটা দেখতেও সুন্দর, জায়গাও খুব কম লাগে। ঢাকা শহরের ছোট ছোট ফ্ল্যাটের জন্য একদম পারফেক্ট জিনিস। মানুষজন এটা কিনতেই বেশি আগ্রহ দেখায়। আর আমরাও এটাই বেশি আনি।’বাজারে ব্র্যান্ড ভেদে খানিকটা ওঠানামা করলেও মোটামুটি ২০ থেকে ৩০ হাজার টাকায় ভালো টিভি পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডের মোহ কমালে ১২ থেকে ২০ হাজার টাকায় পাওয়া যাবে বড় পর্দার টিভি। এসব টিভিতে বিক্রয়োত্তর সেবার মেয়াদও কিন্তু বেশ দীর্ঘ। তাই নামে ও দামে একটু কম হলেও এই টিভি ক্রেতাদের কাছে বেশ ভালোই সমাদর পাচ্ছে।এ ধরনের কম নামওয়ালা কোম্পানিগুলো তো রয়েছেই, পাশাপাশি রয়েছে অজ্ঞাতকুলশীল চায়নিজ টিভি। সস্তা এ টিভিগুলোর গায়ে যে যার ইচ্ছামতো বড় বড় কোম্পানির নাম সেঁটে দিয়ে বিক্রি করে যাচ্ছে। আর বিশ্বকাপের নামে এসব টিভি বিক্রিও হচ্ছে দেদার। ছয় থেকে আট হাজার টাকা খরচ করলেই বেশ বড়সড় টিভি ঘরে তোলা যায়।যাঁরা বড় টিভি কিনতে চান না, তাঁদের জন্য ছোট টিভিরও ব্যবস্থা রয়েছে। পাঁচ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি আকারের এসব সাদাকালো টিভির দাম পড়ে এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা।এসব তো গেল, এর বাইরেও বিশ্বকাপকে সামনে রেখে অনেকেই যে জিনিসটা কিনছেন, সেটা হলো পোর্টেবল টিভি। বহনযোগ্য এ টিভি দেখতে অনেকটা ল্যাপটপের মতো। তাই যেকোনো জায়গায় সহজে বয়ে নিয়ে যাওয়া যায়। কমবেশি সবখানে পাওয়া গেলেও বিশেষ করে বায়তুল মোকাররম মার্কেটের নিচতলার ক্যামেরার দোকানগুলোয় এই পোর্টেবল টিভি বেশি পাওয়া যায়। সাড়ে সাত ইঞ্চি টিভির দাম পড়ে পাঁচ হাজার ১০০ টাকা আর সাড়ে নয় ইঞ্চি টিভির দাম পড়ে ছয় হাজার ২০০ টাকা। সবচেয়ে বড় কথা, এই টিভি চলে ব্যাটারির সাহায্যে। তাই রাস্তায় কিংবা গাড়িতে বসে খুব সহজেই পোর্টেবল টিভি দিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখা যেতে পারে। তা ছাড়া একবার চার্জ দিলে এই টিভি প্রায় দুই ঘণ্টা পর্যন্ত চলে, তাই বিদ্যুৎ চলে গেলেও ম্যাচ ‘বেহাত’ হওয়ার কোনো আশঙ্কা নেই।