টিভির পর্দায় বর্ষবিদায় ও বর্ষবরণ
আজ শেষ হচ্ছে ২০১১। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছর ২০১২ সালকে বরণ করতে আজ টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হবে নানা অনুষ্ঠান। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ আয়োজন করা হয়েছে কনসার্ট ‘একেএস স্টিল ধামাকা’। কনসার্টটি রাত সোয়া আটটা থেকে সরাসরি প্রচার করবে এনটিভি। ‘এয়ারটেল থার্টি ফার্স্ট নাইট বিচ কনসার্ট’ আয়োজন করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতে। সন্ধ্যা ছয়টায় এই কনসার্টটি সরাসরি দেখাবে দেশ টিভি। বাংলাভিশনের অনুষ্ঠান ‘ওয়েলকাম ২০১২’ প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে। এতে অংশ নেবেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। উপস্থাপনা করবেন নীরব খান। ‘রে ইভেন্টস বৈশাখী বিজয় কনসার্ট’ আয়োজনে অংশ নিয়েছিলেন জেমস, মাইলস, প্রমিথিউস, মিলা, কাজী শুভসহ আরও অনেকে। বৈশাখী টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টা ৩৫ মিনিটে। মাছরাঙা টিভিতে রাত ১২টায় থাকছে ভারতের শিল্পী রাঘব চ্যাটার্জির গান।