টিভির ২১ বিভাগে মাছরাঙার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনের সামনে এবং পেছনের শিল্পী ও কলাকুশলীদের জন্য ২১টি বিভাগে পুরস্কার দেবে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা টিভিসহ দেশের সব কটি টিভি চ্যানেলে গত এক বছরে প্রচারিত নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতভিত্তিক অনুষ্ঠান, লাইফস্টাইল অনুষ্ঠান এবং সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান আর এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হবে এ পুরস্কার। গতকাল শনিবার সকালে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাছরাঙা টেলিভিশন অ্যাওয়ার্ড ২০১১’ আয়োজনের ঘোষণা দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনএম, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) অজয় কুমার কুণ্ডু, পরিকল্পনা ও ইভেন্টস বিভাগের প্রধান কবির বকুল এবং অনুষ্ঠান ব্যবস্থাপক আরিফুর রহমান। অঞ্জন চৌধুরী বলেন, ‘টিভির শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানানো, তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের উৎসাহ দেওয়ার জন্যই আমরা এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বচ্ছতার জন্য দেশের সব কটি টিভি চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁদের সবার পরামর্শেই গঠন করা হচ্ছে জুরি বোর্ড। থাকছে মুঠোফোন বার্তার ভোটের মাধ্যমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ।’ফাহিম মুনএম বলেন, শুধু টেলিভিশনকে ঘিরেই দেওয়া হবে এ পুরস্কার।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ মার্চ সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের মিলনায়তনে আয়োজন করা হবে ‘মাছরাঙা টেলিভিশন অ্যাওয়ার্ড ২০১১’ অনুষ্ঠান।