টিম আন্না বিলুপ্ত, লোকপাল নিয়ে আর কোনো কথা নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রাজনৈতিক দল গঠনের স্পষ্ট ইঙ্গিত দিয়ে টিম আন্নার বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, লোকপাল আইন প্রসঙ্গে সরকারের সঙ্গে আর কোনো আলোচনা করা হবে না। যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শেষ করার তিন দিন পর টিম আন্না বিলুপ্ত করা হলো। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিকল্প নির্মাণের পরিকল্পনা থেকেই এ ঘোষণা দেওয়া হয়েছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আন্না হাজারে নিজ ব্লগে টিম আন্নার বিলুপ্তির ঘোষণা দিলেও শিগগিরই রাজনৈতিক দল গঠনের ব্যাপারে কিছু জানাননি। অবশ্য রাজনৈতিক বিকল্প নির্মাণের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চালিয়ে যাচ্ছেন আন্না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জন লোকপাল বিল পাস করতে রাজি নয় সরকার। এ নিয়ে আর কত অনশন করব? এখন মানুষ চায় আমরা অনশন ছেড়ে বিকল্প কিছু করি। আমি এ-ও মনে করি, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে না।’ টিম আন্না বিলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আজ থেকে টিম আন্নার কাজ বন্ধ করে দিচ্ছি। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল জন লোকপাল প্রতিষ্ঠায় কাজ করতে।’ চলতি বছরের এপ্রিল থেকে লোকপাল বিল ভারতের পার্লামেন্টে পাস করার জন্য চারবার অনির্দিষ্টকালের জন্য এবং চারবার এক দিনের অনশনে যান গোষ্ঠীটির কর্মীরা। যদিও লোকপাল বিলের খসড়া চূড়ান্তকরণ যৌথ কমিটির একটি অংশ ছিল ওই টিম আন্না।