২০০৭ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে হাবিবুল বাশাররা দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নের কথা বলেছিলেন। এবারও একই লক্ষ্য সাকিব-তামিমদের। তবে সেবার টাইগারদের স্বপ্নের কথা শুনে যাঁরা হাসি আড়াল করতে মুখ লুকিয়েছিলেন, সাকিবদের চেয়েও এবার বড় স্বপ্ন তাঁদের চোখে। কারণও পরিষ্কার—২০১০-এর ওয়ানডে সাফল্য, যার মধ্যে আছে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কৃতিত্বও। যে সিরিজে ‘দারুণ বোঝাপড়া নিজেদের মধ্যে’ এমন একটা দল হিসেবেই দেখেছি বাংলাদেশকে। শুধু জয়-পরাজয়ের হিসাবেই নয়, আরও অনেক দিক থেকেই এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট, যার দৃষ্টান্ত হয়ে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। ধারাবাহিক সাফল্য দিয়ে ২০০৯ সাল থেকে র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। প্রিমিয়ার ক্রিকেটেও ভালো করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সব মিলিয়ে ক্রিকেট দলের সময় এখন এগিয়ে যাওয়ার।৯ জানুয়ারির স্টেডিয়াম সংখ্যায় প্রকাশিত সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব বলেছেন, ‘সৌরভ আসার পর ভারত বদলে গেছে, টিম হিসেবে খেলতে শুরু করেছে। একটা “নো ফিয়ার” মনোভাব পুরো দলে ছড়িয়ে পড়েছে। আমিও এ রকম একটা চেঞ্জ আনতে চাই।’সাকিবের স্বপ্ন সফল হোক। কারণ, তিনি যে আমাদের স্বপ্নযাত্রার সারথি। তাঁর স্বপ্ন মানেই তো বাংলাদেশের মানুষের স্বপ্ন। সাকিব আল হাসানের হাত ধরেই বাংলাদেশ হয়ে উঠুক ‘টিম বাংলাদেশ’।তোফায়েল আহমেদসরিষাবাড়ী, জামালপুরপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।