টিলা কেটে ঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় টিলা কেটে ঘর নির্মাণ করছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দৈনিক ভিত্তিক কর্মচারীরা। এরই মধ্যে ৭০টি ঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। সরকারি খরচে ঘরগুলোতে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। গত রোববার আরও চারটি ঘর নির্মাণের সময় স্থানীয় লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও বাসভবনের মাঝামাঝি টিলা কেটে চলছে এসব ঘর নির্মাণ।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রোববার সংঘর্ষের একপর্যায়ে বজলুর রহমান নামের স্থানীয় এক ব্যবসায়ীকে সওজের কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের সামনে এনে মারধর করেন কর্মচারীরা। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করলে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।বজলুর রহমান বলেন, ‘কর্মচারীরা যেভাবে টিলা কাটছেন, তা মেনে নেওয়া যায় না। এটা বন্ধ না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় হতে পারে। চারদিক কেটে বাড়ি তৈরি করায় টিলার পাশ এখন একেবারে খাড়া হয়ে গেছে। তাই স্থানীয় অধিবাসী হিসেবে আমরা এর প্রতিবাদ করে হামলার শিকার হয়েছি।’সওজ চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, ‘টিলা কাটার কথা শুনেছি। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এ ব্যাপারে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’সরেজমিনে দেখা গেছে, টিলার চূড়ায় সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সরকারি বাসভবন। বর্তমানে ওই বাসভবন তৃতীয় কর্ণফুলী সেতুর বিশ্রামাগার (রেস্ট হাউস) হিসেবে ব্যবহূত হচ্ছে। চট্টগ্রাম শহরে এখনো যে কয়েকটি বড় টিলা টিকে আছে, রহমতগঞ্জ সওজের টিলা এর একটি। কয়েক মাস ধরে কর্মচারীরা দিন-রাত এই টিলার পাদদেশের মাটি কেটে আধাপাকা ঘর তৈরি করেছেন।জানা গেছে, সওজের দৈনিক ভিত্তিক গাড়িচালক, নির্বাহী প্রকৌশলীর একান্ত সহকারী থেকে শুরু করে পিয়নসহ ১২ জন কর্মচারী এসব ঘর করেছেন। সরকারি টাকায় এসব ঘরে পানি ও বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে। এ থেকে মাসে প্রায় দেড় লাখ টাকা ভাড়া পাওয়া যায়। তা ছাড়া প্রতিটি বাড়ির ভাড়াটের কাছ থেকে অগ্রিম ২০ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে।গত রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, গাড়িচালক হেলাল উদ্দিন রহমতগঞ্জের সড়কের পাশে টিলা কেটে নতুন করে তিনটি ঘর নির্মাণ করছেন। এ জন্য টিলার ঢালু থেকে মাটি কেটে সরিয়ে ফেলা হয়েছে। সাতটি সেগুনগাছও কাটা হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এসব বিষয়ে জানতে হেলাল উদ্দিনের বাড়িতে গেলে তাঁকে সেখানে পাওয়া যায়নি।হেলালের স্ত্রী আয়েশা নূর দাবি করেন, তিনটি কাঁঠালগাছ কাটা হয়েছে। নতুন বাড়ি নির্মাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘর ওঠানো হয়তো অবৈধ। তবে আমরা এখানে অনেক দিন ধরে আছি। তাই এ জায়গার ওপর আমাদের অধিকার আছে।’ তিনি দাবি করেন, নির্মাণাধীন ঘরের সামনে টিলা কেটে তৈরি করা আরেকটি পাকা বাড়িতে তাঁরা প্রায় ২০ বছর ধরে বসবাস করছেন।একইভাবে ফয়জুল হক ওরফে কাজল নামের আরেকজন গাড়িচালক সেখানে নতুন করে দুটি বাড়ি নির্মাণ শুরু করেছেন। ওই জায়গায় তাঁর চারটি পাকা বাড়ি আছে। তবে তিনি সেখানে থাকেন না। ফয়জুলের একটি বাড়িতে ভাড়া থাকেন কাস্টমসের কর্মচারী সন্তোষ দে। ভাড়া দেন মাসে এক হাজার ৮০০ টাকা।ফয়জুল দাবি করেন, ‘টিলা কেটে আমি বাড়ি করছি না। পাহাড়ের যে অংশ ভেঙে যাচ্ছে, সেটার মাটি সরিয়ে বাড়ি করছি।’ আপনি থাকেন না, তাহলে এখানে কেন বাড়ি করছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি কি প্রশাসনের লোক? আপনাকে কেন বলব?’নির্বাহী প্রকৌশলীর একান্ত সহকারী মাহবুবুর রহমান সরকারি বাড়ি বরাদ্দ পেয়েছেন। এরপর তিনি বাড়ির পাশের দুটি আমগাছ ও একটি আতাগাছ কেটে বাড়ি সম্প্রসারণের কাজ শুরু করেন। তবে মাহবুবুর দাবি করেন, তিনি নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কাজ করছেন। কাজ শেষে সওজের তহবিল থেকে এ অর্থ পরিশোধ করা হবে। গাছ কেন কেটেছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘লাকড়ির জন্য।’ তবে মাহবুবুরের বাসায় গিয়ে দেখা যায়, গ্যাসের সংযোগ রয়েছে।সওজের কার্যসহকারী আবুল খায়ের পাশে টিলা কেটে একইভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ির পাশের একটি প্রকাণ্ড শিশুগাছ কাটার জন্য সেটির ডালপালা কাটা হয়েছে। ইতিমধ্যে আবুল খায়ের ওই জায়গায় পাঁচটি বাড়ি করেছেন।জানা গেছে, ওই জায়গায় অন্যান্যের মধ্যে পিয়ন মো. শাহজাহানের ছয়টি, নুরুল ইসলামের দুটি, আবদুল মতিনের ছয়টি, গাড়িচালক মোহাম্মদ সেলিমের ১০টি, আবদুর রহিমের চারটি, পাম্পচালক ওয়াহিদ উল্লাহ পাটোয়ারীর আটটি, আবদুলের চারটি এবং অফিস সহকারী আবদুল মান্নানের ছয়টি বাড়ি রয়েছে।