টিলার চূড়ায় ‘পুকুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ঝোপঝাড়ে ঘেরা জঙ্গুলে এলাকায় এক টিলা। সমতল থেকে চূড়ার উচ্চতা প্রায় ৪০ ফুট। নিচ থেকে দেখলে সাধারণ একটি টিলা বলেই মনে হয়। কিন্তু কষ্ট করে ওপরে উঠলেই ধরা পড়বে এর অসাধারণত্ব। দেখা যাবে, টিলার চূড়ায় আস্ত এক পুকুর!প্রায় চূড়ার মাপে সদ্য ১০ ফুট গভীর করে গর্ত খোঁড়া হয়েছে টিলার চূড়ায়। আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে এটি ‘পুকুর’ হিসেবেই পরিচিতি পেয়েছে। বলা হচ্ছে, পরিবেশ আইনকে ফাঁকি দিয়ে টিলা কাটাই এ কৌশলের উদ্দেশ্য। ঘটনাস্থল সিলেটের খাদিমপাড়ায় ব্যক্তিমালিকানাধীন মলাইটিলা। সরেজমিনে গিয়ে দেখা যায়, টিলার চূড়ায় খোঁড়া এ পুকুরে বৃষ্টির পানি জমে। তা নিষ্কাশনের জন্য একপাশে নালা করা হয়েছে। পানির সঙ্গে পড়ে টিলার মাটিও। আর সেই মাটি টিলাধসের মাটি হিসেবে অপসারণের নামে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর টিলা কাটলে মামলা করে বলে এ পন্থা অবলম্বন করা হয়েছে। বিশেষজ্ঞরা মত দিয়েছেন, চূড়ায় এ রকম গর্তে পানি জমলে পুরো টিলা দ্রুত ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক আহমদ প্রথম আলোকে বলেন, ‘পাহাড় বা টিলার মূল ভিত্তি হচ্ছে চূড়া। সমতল থেকে টিলা বা পাহাড়ের পাশ কেটে নিলে যতটা আশঙ্কা থাকে, চূড়ায় এ রকম কিছু করলে ভূমিধসের আশঙ্কা তার চেয়ে কয়েক গুণ বেশি। এর মাত্রা হতে পারে ভয়াবহ।’ মুশতাক আহমদ মন্তব্য করেন, ‘যাঁরা এ কাজ করছেন, তাঁদের উদ্দেশ্য আর কিছু নয়—পুরো টিলা সাবাড় করার চিন্তা থেকেই তা করছেন।’ এলাকার ১৮টি টিলার মধ্যে মলাইটিলা উঁচু ও আকারে বড়। এ কারণে টিলার নামেই এলাকার নাম হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ২০ থেকে ২৫ জন শ্রমিক টিলার নিচ থেকে মাটি কাটা শুরু করলে পরদিন পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে সে কাজ বন্ধ করে দেয়। টিলা মালিকের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ ও ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করার অপরাধে মামলা করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন মামলার তথ্য সংগ্রাহক জাহিদ হাসান জানান, মামলায় তাঁদের বিরুদ্ধে ‘ভূমিরূপ বৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট’ করার অভিযোগ এনে বলা হয়, ভূমি সমান্তরাল করে জমির দ্বিগুণ মূল্য পেতে প্লট করে বিক্রি করতে টিলা কাটা হচ্ছিল। মামলায় টিলার মালিক হিসেবে আবদুর রব ও খায়রুল আলমের নাম উল্লেখ করা হয়। এতে বলা হয়, তাঁদের ঠিকানা যথাক্রমে সিলেট নগরের মধুশহীদ এলাকা ও সিলেট সদরের নীপবন আবাসিক এলাকা। কিন্তু এই প্রতিবেদক ওই দুই এলাকায় একাধিকবার খোঁজ নিয়ে তাঁদের কারও খোঁজ পাননি। বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, তাঁরা এ নামে কাউকে চেনেন না।তবে এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে টিলার মালিক হিসেবে এ দুজনের নাম পেয়েছি। মামলার তদন্তে কিছু প্রভাবশালী লোক এদের সম্পর্কে তথ্য দিতে আড়ালে থেকে বাধা দিচ্ছে। এ জন্য আসামিদের বর্ণিত ঠিকানায় গিয়ে তাঁদের পাওয়া যায় না।’ আদালতে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। জানা গেছে, মামলায় টিলার মালিক হিসেবে ‘অপরিচিত’ ওই দুই ব্যক্তির নাম থাকলেও এলাকাবাসী ওই টিলার মালিক হিসেবে জানেন সিলেট নগরের প্রভাবশালী একদল ভূমি ব্যবসায়ীকে। তাঁরা টিলা কাটা চলার সময় বিভিন্ন ডেভেলপার কোম্পানির লোকজনকে নিয়ে একাধিকবার এলাকা পরিদর্শনও করেছেন। মামলা হওয়ার পর থেকে ওই ভূমি ব্যবসায়ীরা আড়ালে থেকে টিলার মাথায় পুকুর খননের বিষয়টি তদারক করছেন বলে স্থানীয় কয়েক ব্যক্তি প্রথম আলোকে জানান।স্থানীয় লোকজন জানান, রাতে বৃষ্টি হলে চূড়া থেকে কাটা নালা দিয়ে ঝরনাধারার মতো পড়া পানির সঙ্গে মাটি পড়তে থাকে। দিনের বেলায় সে মাটি সরিয়ে নেওয়ার জন্য আগের মতোই টিলা কাটা শ্রমিকদের আনাগোনা দেখা যায়। মলাইটিলার স্থায়ী বাসিন্দা কয়েকজন প্রবীণ জানান, ব্যক্তিমালিকানাধীন হলেও টিলাটির নামেই এলাকার নাম বলে আগে মালিকপক্ষকে এর রক্ষণাবেক্ষণে সচেতন দেখা যেত। গত পাঁচ বছরে টিলার মালিকানা কয়েকবার হাতবদল হওয়ার পর থেকে এটি কেটে প্লট বানানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পুকুর করার বিষয়টি এলাকার অনেক মানুষ জানে না। প্রায় দুই-তিন সপ্তাহ ধরে রাতে বৃষ্টি হলেই দিনে টিলাধসের মাটি সরানো হয়। কৌতূহলবশত একদিন ওপরে গিয়ে দেখি এ অবস্থা। মালিকদের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা এ পুকুরে মাছ চাষ করা হবে বলে হাসাহাসি করেন!’ আলাপকালে সন্ত্রস্ত ভাব নিয়ে স্থানীয় আরেকজন বলেন, ‘এটা আসলে টিলাকে ধ্বংস করার একটা কৌশল। ভারী বৃষ্টি হলে এ টিলা কোনো দিন জানি সত্যি সত্যি ধসে পড়ে।’ এ প্রতিবেদক চূড়ায় উঠে ‘পুকুর’ দেখার সময় সেখানে টিলার মালিকের লোক পরিচয় দেওয়া মনজু রহমান নামের এক ব্যক্তি বলেন, এ টিলার মালিক ছিলেন তাঁর দাদা। এখন তাঁরা এটি বিক্রি করে দিয়েছেন। এর আয়তন প্রায় দেড় একর। প্রথম আলোর আলোকচিত্রী চূড়ায় উঠে ছবি তুলতে চাইলে মনজু বাধা দেওয়ার চেষ্টা করেন। মালিক না হয়েও বাধা দিচ্ছেন কেন—এ প্রশ্নের জবাবে মনজু বলেন, ‘বিক্রি করে দিলেও মালিকের মতো দেখাশোনাটা এখনো আমরাই করি’। কার কাছে বিক্রি করা হয়েছে এবং চূড়ায় পুকুর করার উদ্দেশ্য কী জানতে চাইলে মনজু ‘মালিক কয়েকজন’ জানিয়ে এ ব্যাপারে আর কথা বলতে রাজি হননি। এদিকে মামলা করার পর মলাইটিলার চূড়ায় পুকুর করার কথা পরিবেশ অধিদপ্তর অবহিত নয়। পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেনকে বিষয়টি জানালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘না, এমনটি তো হওয়ার কথা না। মামলা হওয়ার পর তো আর কাজ করতে দেখা যায়নি। আমি খোঁজ নিয়ে দেখব।’ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেন, যেহেতু মামলা চলমান, তাই টিলার কাঠামো পরিবর্তন করা শুধু আইন লঙ্ঘন নয়, আইনের প্রতি একধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো। পরিবেশ অধিদপ্তর ছাড়াও স্থানীয় প্রশাসন যদি কঠোর আইনি ব্যবস্থা না নেয়, তাহলে এ পন্থার প্রচলন হয়ে যেতে পারে। তা হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’এ ব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘টিলা কাটার কোনো অভিযোগ পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিই। এ মুহূর্তে আমার কাছে মামলা জড়িত কোনো টিলা কাটা বা অন্য কোনোভাবে টিলার কাঠামো পরিবর্তন করার তথ্য নেই। যদি এ রকম হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’