টিসিবি নিয়ে কথা হয়, চিঠি চালাচালি হয়, কাজ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাষ্ট্রীয় বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সামান্য ভূমিকাও রাখতে পারছে না। বারবার উদ্যোগ নেওয়ার কথা বলেও শক্তিশালী করা হয়নি প্রতিষ্ঠানটিকে। এক বছরের বেশি সময় ধরে টিসিবি নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সংস্থাটির সক্ষমতা একবিন্দুও বাড়ানো হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক বছরে সংস্থাটিকে কার্যকর করার ব্যাপারে তিন দফা নির্দেশনা দিয়েছেন। কোনো কাজ হয়নি। টিসিবিকে কার্যকর করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটি করেও সুপারিশগুলো বাস্তবায়ন করেনি। এক বছর ধরে খালি চিঠি চালাচালিই হচ্ছে, কাজের কাজ হচ্ছে না।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারভুক্ত পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বরই ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ। ইশতেহারে বলা হয়েছে, দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।এক বছর ধরে দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল থাকেনি। চাল, চিনি, ডাল, আলু, পেঁয়াজ, রসুন ও ভোজ্যতেলের মূল্যে সারা বছরই ছিল ওঠা-নামা। এ সময় টিসিবির মাধ্যমে বাজারে কোনো হস্তক্ষেপই করতে পারেনি সরকার। জানা গেছে, গত এক বছরে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ও ছোলা আমদানি করতে টিসিবিকে ১০ দফা নির্দেশনা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানও অসংখ্যবার বলেছেন, মালয়েশিয়া থেকে ভোজ্যতেল, নেপাল থেকে মসুর ডাল, থাইল্যান্ড থেকে চিনি এবং ভারত থেকে পেঁয়াজ ও ছোলা আমদানি করা হবে। এর কিছুই আমদানি করা হয়নি। এমনকি গণখাতে ক্রয় আইন ও বিধিমালার (পিপিআর) শর্ত পরিপালন এবং মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়ার পরও সংস্থাটি ছিল চরম ব্যর্থ।কমিটি গঠন আর চিঠি চালাচালি: বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার কিছুদিন পর, অর্থাত্ ১৯ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবিকে আরও শক্তিশালী ও কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাজারে যাতে সরকারের নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে আমদানি করা হবে।এর কিছুদিন পরই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিনকে প্রধান করে টিসিবিকে কার্যকর করার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে টিসিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা, এর পরিসম্পদ ও দায়দেনার মূল্য নির্ধারণ, সরকারি মালিকানায় রেখে সংস্থাটিকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা, পরিচালনা পর্ষদের ক্ষমতা বাড়ানো এবং গুদামঘর তৈরির সুপারিশ করা হয়েছে।সূত্র জানায়, সুপারিশগুলোর মধ্যে টিসিবিকে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার বিষয়টিতে সায় দেননি প্রধানমন্ত্রী। তিনি অন্য সুপারিশগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্দেশনার বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতিতে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘টিসিবিকে শক্তিশালীকরণ ও এর কার্যক্রম গতিশীলকরণ’সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে স্মরণ করিয়ে দেয়। এর পরই গত ১২ জানুয়ারি কার্যকর ও শক্তিশালী হওয়ার জন্য নিজস্ব কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দিয়ে টিসিবিকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের কথা উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৭ জানুয়ারি টিসিবিকে আবার একটি তাগাদাপত্র দেয়। এতে বলা হয়, ‘টিসিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর-সম্পর্কিত সুপারিশটি বাদ দিয়ে অন্য সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করে পাঠাতে বলা হয়েছিল। দুই সপ্তাহ পার হলেও অদ্যাবধি তা পাওয়া যায়নি।যোগাযোগ করলে টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি স্বল্প ও দীর্ঘমেয়াদি দুই ধরনের কর্মপরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। স্বল্পমেয়াদির মধ্যে রয়েছে টিসিবির জনবল কমপক্ষে তিন গুণ করা, পরিচালনা পর্ষদের সদস্য বর্তমানের দুজন থেকে বাড়িয়ে চারজন করা, রাজশাহী, বরিশাল, সিলেট ও নবগঠিত রংপুর বিভাগে আঞ্চলিক শাখা গঠন এবং পণ্য আমদানিতে গণখাতে ক্রয় আইন থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি। আর দীর্ঘমেয়াদির মধ্যে রয়েছে গুদাম ব্যবস্থাপনার সম্প্রসারণ, পণ্যের উত্পাদন মৌসুমেই রপ্তানিকারক দেশ থেকে পণ্য আমদানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোট চাহিদার ২৫ শতাংশ সরবরাহ নিজের নিয়ন্ত্রণে রাখা।জানা গেছে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন এতে সন্তুষ্ট না হয়ে টিসিবিকে আবারও একটি কর্মপরিকল্পনা জমা দিতে বলেছেন। বাণিজ্যসচিব বিদেশে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বাণিজ্যমন্ত্রী ফারুক খান অবশ্য টিসিবিকে কার্যকর করার চেয়েও ব্যবসায়ীদের ব্যবসা করার পক্ষেই মত দিয়েছেন। যোগাযোগ করলে গত রোববার প্রথম আলোকে তিনি বলেন, সরকার চায়, টিসিবি শক্তিশালী ও কার্যকর হোক। তবে ব্যবসায়ীরা ব্যবসা করবেন, মুনাফা করবেন, এটাই স্বাভাবিক। তাঁরা অযৌক্তিক মুনাফা করলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টিসিবিকে অবশ্যই শক্তিশালী করা হবে। এ জন্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এও ঠিক, বাজারে দ্রব্যমূল্য এখন স্থিতিশীল পর্যায়েই রয়েছে। তার পরও হস্তক্ষেপপদ্ধতি (ইন্টারভেনশন মেকানিজম) বজায় রাখা হবে বলে মন্তব্য করেন তিনি।আবারও আমদানির চেষ্টা: এদিকে টিসিবি ৯ ফেব্রুয়ারি নতুন করে আবারও মূসক ও আয়কর দেওয়া থেকে স্থায়ীভাবে অব্যাহতি চেয়েছে। বাণিজ্যসচিবের কাছে আবেদন জানিয়ে সংস্থাটি বলেছে, সর্বসাধারণের কথা ভেবে বিপুল পরিমাণ ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ও ছোলা আমদানি করা হবে। এতে ব্যয় হবে এক হাজার ৬৬১ কোটি টাকা। তবে মূসক ও আয়কর দেওয়া থেকে অব্যাহতি না দিলে তা সম্ভব নয়।পিপিআর থেকে অব্যাহতি দেওয়ার পরও টিসিবি কেন গত এক বছরে কোনো পণ্য আমদানি করতে পারেনি—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, সংস্থাটি এখনো দুর্বল পর্যায়ে রয়েছে। শক্তিশালী থাকলে এমনটি হতো না।তবে দ্রব্যমূল্য সহনশীল রাখতে টিসিবির ততটা ভূমিকা নেই বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমাদের যদি ১৫ লাখ টন চিনির চাহিদা থাকে, টিসিবি বড়জোর ৫০ হাজার টন আমদানি করতে পারবে। এতে কি খুব বেশি প্রভাব পড়বে বাজারে?’টিসিবিকে যেভাবে দুর্বল করা হয়: টিসিবিকে দুর্বল করার প্রক্রিয়া শুরু হয়েছিল এরশাদের সময় থেকেই। মুক্তবাজারের কথা বলে এ সময় টিসিবির কর্মকাণ্ড অনেক সীমিত করা হয়।তবে আগেরবারের আওয়ামী লীগ সরকার (১৯৯৬-২০০১) টিসিবিকে কার্যকর করার কথা বলেছিল। এ ব্যাপারে জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি) একটি প্রতিবেদন দাখিল করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এতে টিসিবির জনবল বাড়ানো, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং নিজস্ব সম্পত্তিতে গুদামঘর নির্মাণের সুপারিশ করা হয়েছিল। এসব সুপারিশ আর বাস্তবায়িত হয়নি।তবে গত চারদলীয় জোট সরকারের সময়ই সর্বশেষ টিসিবিকে ব্যাপকভাবে দুর্বল করা হয়। ২০০২ সালে সংস্থাটির জনবল ৭১৩ থেকে ২৩৫-এ নামিয়ে আনা হয়। এরপর সংস্থাটিতে আর নতুন নিয়োগ হয়নি। বর্তমান জনবল ১৭৯।এরপর অবশ্য ২০০৮ সালের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় টিবিসিকে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটিও কার্যকর হয়নি। টিসিবি এখনো সেই আগের অবস্থায়ই রয়ে গেছে।