টিসিবিকে চিনি সরবরাহে ব্যর্থ ১৬টি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েও সরকারকে চিনি সরবরাহ করেননি ব্যবসায়ীরা। গত এক বছরে ১৭টি প্রতিষ্ঠানকে চিনি সরবরাহের অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয়। এই সময়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) আড়াই লাখ টন চিনি সরবরাহের কথা ছিল এসব প্রতিষ্ঠান। আর গত নভেম্বর থেকে ধরলে আট মাসে চিনি দেওয়ার কথা এক লাখ ৮৫ হাজার টন। কিন্তু একটি বাদে বাকি প্রতিষ্ঠানগুলো এক কেজি চিনিও সরবরাহ করতে পারেনি। যথাসময়ে চিনি সরবরাহ করতে না পারায় এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের জামানতের টাকা আটকে রেখেছে সরকার। অন্যদিকে টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন কিছু ব্যবসায়ী। কেউ কেউ অবশ্য জামানতের টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। টিসিবিকে চিনি সরবরাহের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে: এস এস এন্টারপ্রাইজ, প্রোফিসি ইন্টারন্যাশনাল, ইউনান দেহাং কোং, জাগো করপোরেশন, বেঙ্গল পাওয়ার সার্ভিস, বাংলাদেশ বিজনেস করপোরেশন, জেসন ইমপেক্স ইন্টারন্যাশনাল, নূর লিংক করপোরেশন, মেসার্স আতাউল্লাহ, ওভারসিজ মার্কেটিং, নাবিলা ট্রেডিং, মেসার্স জেলন, ইয়েল ট্রেডিং (স্থানীয় প্রতিনিধি এম এম অ্যাসোসিয়েটস), সিটি সুগার, এশিয়ান ট্রেডিং, শহীদ অ্যান্ড ব্রাদার্স ও মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল।প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি অনুমোদন নিয়েছিল থাইল্যান্ড থেকে চিনি এনে দেবে বলে। ১৩টির অনুমোদনে আমদানির উৎসদেশ ছিল ব্রাজিল। শর্ত অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানই ১২ হাজার ৫০০ টন চিনি আমদানি করে দেবে টিসিবিকে। আর দেশীয় পরিশোধনকারী সিটি সুগার দেবে ১০ হাজার টন। সিটি সুগার ছাড়া অন্য কেউই চিনি দিতে পারছে না বলে ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ৩৫০ থেকে ৫০০ ডলারের মধ্যে এই চিনি সরবরাহ করার কথা। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস এস এন্টারপ্রাইজ ও প্রোফিসি ইন্টারন্যাশনাল চিনি আমদানিতে ব্যর্থতার দায় মেনে নিয়েছে। জামানতের টাকাও ফেরত চাইছে না তারা। জাগো করপোরেশন ও বেঙ্গল পাওয়ার সার্ভিস জাহাজীকরণের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেও এক দফা সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ বিজনেস করপোরেশন, নূর লিংক ইন্টারন্যাশনাল ও জেসন ইমপেক্সকে ইচ্ছাপত্র (এলওআই) দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারাও আমদানি করতে পারছে না। তবে ব্যতিক্রম পরিশোধনকারী কারখানা সিটি সুগার মিল। কারখানাটির সঙ্গে গত মে মাসে ৩৮ টাকা ৫২ পয়সা দরে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে সরকারের। অন্য আটটি প্রতিষ্ঠান এখন নীরব ভূমিকা পালন করছে। অর্থাৎ চিনি আমদানি করে এনে দিতে পারবে কি পারবে না, কিছুই বলছে না। এদিকে চুক্তি লঙ্ঘনের দায়ে এশিয়ান ট্রেডিংয়ের ৬০ লাখ ৭৮ হাজার টাকা, শহীদ অ্যান্ড ব্রাদার্সের ৬৩ লাখ ৩৭ হাজার টাকা, প্রোফিসি ইন্টারন্যাশনালের এক কোটি ৭৩ লাখ টাকা এবং মৃধা ট্রেড ইন্টারন্যাশনালের ৬৩ লাখ ৪১ হাজার টাকা নগদায়ন করেছে সরকার। প্রোফিসি ছাড়া অন্য তিন প্রতিষ্ঠানই জামানতের টাকা ফেরত পেতে সরকারের বিরুদ্ধে রিট মামলা দায়ের করেছে। আদালতের স্থগিতাদেশের কারণে টাকাগুলো এখনো সরকারের ঘরে যায়নি।চিনি সরবরাহে ব্যর্থতার জন্য সম্প্রতি এস এস এন্টারপ্রাইজের জামানতের এক কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা নগদায়ন করা হবে জানিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রোফিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী প্রিন্স রশিদ প্রথম আলোকে বলেন, ‘ব্রাজিল থেকে চিনি আমদানি করে দেওয়ার কথা থাকলেও যথাসময়ে আমরা তা দিতে পারিনি। স্বাভাবিক কারণেই সরকারের সঙ্গে চুক্তি লঙ্ঘনের দায় এবং ক্ষতিও মেনে নিচ্ছি।’ এশিয়ান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সুজন মিয়া বলেন, ‘প্রতি টন ৩৫০ ডলার করে চিনি সরবরাহের কথা ছিল। থাইল্যান্ড থেকে এ চিনি আনার সময়সীমা ছিল মাত্র ১৫ দিন। কিন্তু প্রত্যয়নপত্র (এলসি) খুলতেই দেড় মাস সময় লেগে যায়।’ এ জন্য চিনি সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি। ব্যবসায়ীরা চিনি সরবরাহে ব্যর্থতার জন্য বেশি অঙ্কের জামানত রাখার বিধানকে দায়ী করেন। তাঁদের মতে, জামানতের টাকার পরিমাণ অনেক বেশি হওয়ায় ব্যাংকের সুদ বেশি গুনতে হয়। চিনি আমদানি করে এনে দিলে তেমন একটা লাভ হবে না—এমন আশঙ্কায় শেষ পর্যন্ত ব্যবসায়ীরা পিছপা হন। যোগাযোগ করলে টিসিবির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ব্যবসায়ীরা অনুমোদন নিলেও পরে আর পণ্য সরবরাহ করেন না। কেন করেন না বা পারেন না, তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, ব্যবসায়ীদের দিক থেকে প্রায়ই অভিযোগ আসে জামানতের পরিমাণটা অনেক বেশি। তবে আইনে যা আছে, তার বাইরে তো আর যাওয়া যাবে না।