চিনির সংকট ও তেলের মূল্যবৃদ্ধি
টিসিবির চেয়ারম্যানসহ চারজনকে হাইকোর্টে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
চিনির সংকট ও তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে টিসিবির চেয়ারম্যানসহ চারজনকে আগামী ৯ আগস্ট হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন আদালত।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালত টিসিবির চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান বাণিজ্য নিয়ন্ত্রক (আমদানি-রপ্তানি), চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে হাজির হয়ে তাঁদের ভূমিকা জানাতে বলেছেন।গত নভেম্বরে চিনি মজুদ ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশনা দেন। এর পরও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা ও হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি সম্পূরক আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।আদালত নির্দেশনায় বাজারগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে খাদ্য ও বাণিজ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে আড়ত ও বাজার তদারকের নির্দেশ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের শাস্তি নিশ্চিত করা এবং চিনি ও তেলের অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।