টিসিবির পণ্য নিয়ে অভিযোগ
বরাবরের মতো এবারও প্রস্তুতি সামান্য। এর সঙ্গে যুক্ত হয়েছে পণ্যের নিম্নমান। এই হচ্ছে রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির উদ্যোগ। গতকাল মঙ্গলবার ডিলারদের কাছে পণ্য সরবরাহের মাধ্যমে টিসিবি কম দামে পণ্য বিক্রির এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। পণ্য সংগ্রহ করতে আসা ডিলারদের অভিযোগ, নিম্নমানের ডাল ও খেজুর তাঁদের গছিয়ে দিচ্ছে টিসিবি। এ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদাম প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন ডিলাররা। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন টিসিবির চেয়ারম্যান ও কর্মকর্তারা। পরে অবশ্য কিছু পণ্য নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করেন টিসিবির চেয়ারম্যান।পাঁচ পণ্য বিক্রি শুরু: ডিলারদের কাছে পণ্য হস্তান্তর করতে আয়োজিত গতকালের অনুষ্ঠানে জানানো হয়, মসুর ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুর কম দামে বিক্রি করবেন ডিলাররা। প্রতি কেজি চিনি ৫৮, মসুর ডাল (দেশি) ৬৮, ছোলা ৫৮, খেজুর মানভেদে ৫৫ থেকে ৭০ এবং ভোজ্যতেল লিটারপ্রতি ১০২ টাকা দরে বিক্রি হবে। দুই হাজার ৪০০ ডিলার এসব পণ্য টিসিবি নির্ধারিত দামে বিক্রি করবে।অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান সারওয়ার জাহান তালুকদার বলেন, দুই কিস্তিতে ডিলারদের এই পাঁচ পণ্য সরবরাহ করা হবে। প্রতি কিস্তিতে একজন ডিলার দুই টন চিনি, এক হাজার ২০০ লিটার ভোজ্যতেল, এক টন মসুর ডাল, ৭০০ কেজি ছোলা ও ৫০০ কেজি খেজুর পাবেন। রমজানের প্রথম সপ্তাহে আরেক কিস্তিতে ডিলারদের পণ্য দেওয়া হবে। এ ছাড়া যদি ডিলাররা এসব পণ্য বিক্রি শেষ করতে পারেন, তবে তাঁদের চাহিদার ভিত্তিতে আরেক কিস্তিতে পণ্য সরবরাহ করার প্রস্তুতিও টিসিবির আছে।ডিলারদের অভিযোগ: টিসিবির দেওয়া ডাল ও খেজুর নিয়েই ডিলারদের বেশি অভিযোগ। তাঁরা বলছেন, যে ডাল সরবরাহ করা হচ্ছে তাতে পোকা ধরেছে। খেজুর খুবই নিম্নমানের। এই ডাল ও খেজুর মানুষ কিনবে না।একজন ডিলার বলেন, ‘যে খেজুর দেওয়া হচ্ছে তা গত বছরের। এর দাম বাজারে ৪০ টাকায় বিক্রি হয়। এই খেজুর আমাদের কাছ থেকে মানুষ কেন ৫৫ টাকায় কিনবে।’ আরেক ডিলারের অভিযোগ, ‘দেশি ডালের কথা বলে আমাদের কানাডার ডাল দেওয়া হচ্ছে। বড় বড় দানাওয়ালা এই ডাল সবাই কিনতে চায় না। তা ছাড়া অনেক ডালই পোকায় কাটা। এই ডাল আমরা কীভাবে বিক্রি করব।’ ডাল পোকায় কাটার বিষয়ে সত্যতা জানতে চাইলে ওই ডিলার একটি বস্তা থেকে পোকাসমেত ডাল বের করে দেখান।টিসিবি চেয়ারম্যানের উত্তেজনা: ডাল ও খেজুর নিয়ে ডিলারদের তোলা অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিসিবি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘আমাদের সব পণ্যই বিএসটিআই থেকে মান পরীক্ষা করা হয়। তাই টিসিবির কোনো পণ্যই মানহীন নয়।’ সাংবাদিকেরা ডিলারদের বরাত দিয়ে একই প্রশ্ন আবার করেন তখন চেয়ারম্যান বলেন, ‘চলেন, এখনই প্রমাণ হোক ডালে ও খেজুরের কোনো সমস্যা আছে কি না।’এরপর গুদামে ঢুকে তিনি খেজুরের একটি বস্তা খুললে তাতে ভালো খেজুর পাওয়া যায়। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এর একটা সুরাহা করতে হবে। কোন পণ্য নষ্ট সেটা দেখান।’ একই সময় কয়েকজন ডিলার তাঁদের বস্তা থেকে পুরোনো ও নিম্নমানের খেজুর বের করে সাংবাদিকদের দেখান। এর পরিপ্রেক্ষিতে আবার দৃষ্টি আকর্ষণ করা হলে টিসিবির চেয়ারম্যান বলেন, ‘টিসিবির গুদামের যে অবস্থা তাতে ভালো পণ্য রাখলেও নষ্ট হয়ে যাবে। আমরা মানসম্পন্ন পণ্যই সংগ্রহ করেছিলাম, গুদামে থেকে কিছু নষ্ট হয়ে গেছে। কিছু নিম্নমানের খেজুর ও ডাল পাওয়া গেছে। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ কোনো ডিলারের কাছে এমন নষ্ট পণ্য গেলে তাঁদের তা বদলে দেওয়া হবে বলে জানান তিনি।দাম বাড়ার কথা স্বীকার বাণিজ্যমন্ত্রীর: পরে টিসিবির ডিলারদের পণ্য সরবরাহ কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ সময় কয়েকটি পণ্যের দাম বাড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘রমজানের আগে গত কয়েক দিন কয়েকটি পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিরোধী দলের হরতাল ও বৃষ্টির কারণে এটি হয়েছে। তবে সে সময় পার হয়ে গেছে।’ তিনি বলেন, গুদামে ও পাইপলাইনে পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। তা ছাড়া কী দরে বিদেশ থেকে ছোলা এসেছে আর এখন কী দরে বিক্রি হচ্ছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। ভোজ্যতেল নিয়েও এমন তদন্ত হবে। তাই দাম বাড়ার কারণ নেই।বাজার তদারকিতে ভ্রাম্যমাণ আদালত: রমজানে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের আর্থিক দণ্ডের পাশাপাশি জেল-জরিমানা দিতে পারবেন এ আদালত। গত রোববার বাণিজ্য মন্ত্রণালয় আদালত গঠনের বিষয়ে একটি আদেশ জারি করেছে। সে আদেশ অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকেই ঢাকা ও চট্টগ্রামে কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি তদারক দল এতদিন রাজধানীর ২৬টি বাজারে অভিযান চালিয়ে আসছিল। আরও ক্ষমতা দিয়ে এই দলগুলোকেই ভ্রাম্যমাণ আদালতে রূপান্তর করা হয়েছে। আর আটটি থেকে দল বাড়িয়ে করা হয়েছে ১৪টি। সরকারের একজন উপসচিব, একজন ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য থাকবেন প্রতিটি ভ্রাম্যমাণ আদালতে। আদেশে ভোজ্যতেল ও চিনির বাজার দেখভালের বিষয়ে জোর দেওয়া হয়েছে।