টিয়া নিয়ে মামলা, বিপাকে বিচারক
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি টিয়ার মালিকানার দাবি গ্রাম আদালত পর্যন্ত গড়িয়েছে। দুই পক্ষই পাখিটির মালিকানা নিয়ে অনড় অবস্থানে থাকায় রায় দেওয়া নিয়ে খানিকটা বিপাকে পড়েছেন আমঝুপি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অভিযোগকারী আমঝুপি কারিগরপাড়ার জাহান আলী (৪৯) বলেন, তিনি ২০০০ সালে বাচ্চা অবস্থায় টিয়াটি সংগ্রহ করে পোষেন। এর নাম দেন মিঠু। তাঁদের সন্তান না থাকায় পাখিটি সন্তানতুল্য হয়ে ওঠে। ২০১০ সালের আগস্ট মাসে ঝড়ের দিনে পাখিটি নিখোঁজ হয়। দুই মাস আগে তিনি জানতে পারেন, পাখিটি আমঝুপি মসজিদপাড়ার আহম্মদ আলীর বাড়িতে আছে। তিনি পাখিটিকে নিজের পোষা বলে দাবি করে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে সাত হাজার টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আহম্মদ আলী পাখিটি না দেওয়ায় তিনি গ্রাম আদালতে মামলা করেন। অন্যদিকে আহম্মদ আলীর দাবি, ‘পাখিটি আমাদের। গ্রাম আদালতে মামলা হয়েছে, হোক। প্রয়োজনে পাল্টা মামলা করব। হাইকোর্ট-সুপ্রিম কোর্টে যাব। তবু টিয়া দেব না।’ তাঁর স্ত্রী ফাতেমা খাতুনের (৪০) দাবি, তিনি চার বছর ধরে পাখিটি পুষছেন। পাখিটিকে তিনিই কথা বলা শিখিয়েছেন। আদালতের বিচারক আমঝুপি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বর্তমানে টিয়াটি মামলার বিবাদী আহম্মদ আলীর দখলে আছে। তিনি বলেন, মামলার তিনটি ধার্য দিন গেছে। দুই পক্ষই পাখির মালিকানার দাবিতে অনড়। এবার তিনি পাখিসহ দুই পক্ষকে আদালতে হাজির হতে নোটিশ দেবেন। আদালতে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাদের মতামত নিয়ে পাখিটির মালিকানার রায় দেওয়া হবে।এ ব্যাপারে গাংনী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এনামুল আযীম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বনের প্রাণী খাঁচাবন্দী করে পোষার কোনো আইন নেই। তাই পাখিটি ছেড়ে দেয়া উচিত।