টু ক রো খ ব র
যানজট কমাতে রেলগাড়ি!জনতা, যান বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরের যানজট। দিনে দিনে তাই কমছে নাগরিক জীবনের গতি। কারণ, ঘণ্টার পর ঘণ্টা জটে পড়ে তাদের সড়কেই কাটাতে হয়। মানুষের চলাচলের গতি বাড়াতে এবার এগিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলাচলকারী তুরাগ এক্সপ্রেস ট্রেনে তারা অতিরিক্ত দুটি কোচ যুক্ত করেছে। তুরাগ এক্সপ্রেস ট্রেন যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আটটির জায়গায় ১০টি কোচ নিয়ে চলাচল করছে। এই ট্রেনে ঢাকা-জয়দেবপুরের ভাড়া ১০ টাকা, ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া ছয় টাকা এবং জয়দেবপুর-নারায়ণগঞ্জের ভাড়া ১৩ টাকা।পাতালপুরিতে তারপ্রধান সড়কগুলোর ফুটপাত থেকে ওপর দিকে তাকালে চোখে পড়ে তারের জঞ্জাল। মনে হয় যেন তারেই পেঁচিয়ে আছে নগর। তারের ভারে অনেক বৈদ্যুতিক খুঁটি নুইয়ে পড়ার মতো অবস্থায়। এই তার একদিকে যেমন নগরের সৌন্দর্য নষ্ট করছে। আরেকদিকে তা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করছে। দীর্ঘদিন পরে হলেও টনক নড়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। নগরের প্রধান সড়ক থেকে ঝুলন্ত তার সরাতে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। এতে বলা হয়েছে, বিটিআরসি থেকে লাইসেন্স নেওয়া টেলিকম অপারেটরদের (মোবাইল, পিএসটিএন, আইএসপি, বিডব্লিউ ও অন্যান্য) তার শৃঙ্খলা বজায় রেখে ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থার আওতায় নিতে হবে। এ জন্য তাদের বিটিআরসি থেকে লাইসেন্স নেওয়া ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরিকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মাটির নিচে নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে বিটিআরসি। উত্তরা থেকে শাহবাগ রুটের তার ৩১ আগস্টের মধ্যে মাটির নিচের লাইনে নিতে হবে। শাহবাগ থেকে মতিঝিল ও উত্তরা-গুলশান-মতিঝিল ভায়া মগবাজার রুটের জন্য সময় ৩০ সেপ্টেম্বর এবং উত্তরা থেকে মতিঝিলসহ অন্যান্য সড়ক ৩১ অক্টোবর। এই সময়ের মধ্যে ঝুলন্ত তার পাতালে না নেওয়া হলে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো যথাযথ ব্যবস্থা নেবে বলে জরুরি বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে।ব্যাংকের বদলে রাজউকেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা তৃতীয় পর্ব ও পূর্বাচল প্রকল্পে প্লটের আবেদন করেও লটারিতে বাদ পড়ে গেছেন অনেকে। জামানতের টাকা ফেরত পেতে এদের কেউ কেউ নাকাল হয়েছেন। কেননা, একদিকে রাজউক থেকে টাকার চেক পেতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে। আবার চেক পাওয়ার পরও ব্যাংক আরেক দফা ঝক্কিতে ফেলেছে। নানা অজুহাতে দেখিয়ে তারা চেক জমা নেয়নি। দেরিতে হলেও লটারিতে বাদ পড়া আবেদনকারীদের ঝক্কি কমানোর উদ্যোগ নিয়েছে রাজউক। আগস্ট মাস থেকে ব্যাংকের পরিবর্তে রাজউক থেকে জামানতের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। আবেদনকারীদের পূর্বাচল প্রকল্পের জামানতের টাকা ফেরত ফরম সংগ্রহ ও তা জমা দেওয়ার জন্য যেতে হবে রাজউক এনেক্স ভবনের পঞ্চম তলায় উপ-পরিচালকের (এস্টেট-৩) দপ্তরে। আর উত্তরা তৃতীয় পর্বের জন্য যেতে হবে রাজউক এনেক্স ভবনের দ্বিতীয় তলায় উপ-পরিচালকের (এস্টেট-৩) দপ্তরে। এ ছাড়া আবেদন ফরম ওয়েবসাইট (www.rajuk.gov.bd) থেকেও সংগ্রহ করা যাবে। ফরমের ফটোকপি পূরণ করেও জমা দেওয়া যাবে। প্রবাসী আবেদনকারীদের জামানতের ডলার ফেরতের কার্যক্রম আগের মতোই ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। জামানতের আবেদন ফরম ও চেক পেতে কোনো জটিলতা তৈরি হলে আবেদনকারীদের রাজউকের পরিচালকের (ভূমি) সঙ্গে যোগাযোগ করতে হবে।