টু ক রো খ ব র
ডিসিসি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনদিনক্ষণ ঠিক না হলেও ডিসিসি নির্বাচনের আয়োজনের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। তারা নির্বাচনে এবার নতুন যে বিষয়টা যুক্ত করছে তা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে পারবে শুধু ডিসিসির ৪৫, ৪৭ ও ৪৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা। পরীক্ষামূলক এই কার্যক্রমে ইসিকে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এতে প্রায় এক কোটি ১৫ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে ইসি সূত্রে জানা যায়। ডিসিসি নির্বাচনে ব্যবহূত ইলেকট্রনিক ভোটিং মেশিন নির্মাতাদের একজন বুয়েটের প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলক কার্যক্রমের প্রথম পর্যায়ে একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হয়। সেটি সফল হওয়ায় এখন ডিসিসি নির্বাচনে তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলক কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের কাজ করা হবে। ভবিষ্যতে সব ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে গ্রহণ করলে ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না বলে তিনি জানান।পৌর কর প্রদানে বাড়তি সময়সেপ্টেম্বরের মধ্যে বকেয়া ছাড়াই ২০১০-১১ অর্থবছরের পৌরকর পরিশোধের সময় বেঁধে দিয়েছিল ডিসিসি। শুধু তাই নয়, ওই সময়ের মধ্যে চার কিস্তির কর একসঙ্গে শোধ করলে ১০ শতাংশ ছাড় পাওয়ারও সুযোগ ছিল। তবে সুখবর হচ্ছে, পৌর কর দেওয়ার এসব সুযোগসুবিধা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগের কোনো অর্থবছরের পৌর কর যাঁরা পরিশোধ করেননি তাঁদের সেই করের সঙ্গে অবশ্যই জরিমানা দিতে হবে। তাই জরিমানাসহ আগের বছরের বকেয়া ও ১০ শতাংশ ছাড়ে চলতি অর্থবছরের পৌর কর পরিশোধ করে দায়মুক্ত হওয়া ভালো বলেই মনে করেন সুধীজনেরা।কাবাবের হাড্ডি কি গ্রাহক?ঢাকার আকাশ থেকে ক্রমশ তার সরিয়ে ফেলা হচ্ছে। তাই বিভিন্ন সেবা সংস্থার তার চলে যাচ্ছে ভূগর্ভে। এ ক্ষেত্রে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের পাশে কুড়িল মোড়ের দিকে তার পাতালে নেওয়ার আগেই খুঁটির ইন্টারনেট ও ডিশ অ্যান্টেনার তার কেটে ফেলা হয়েছে। ফলে ইন্টারনেট ব্যবহার ও ডিশ অ্যান্টেনায় টিভি দেখায় ভোগান্তিতে পড়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা। এ ক্ষেত্রে ইন্টারনেট ও কেব্ল টিভি সেবাদাতারা বলছেন, তাঁদের বিকল্প উপায়ে তার নেওয়ার সুযোগ না দিয়েই ডেসকো তাঁদের তার কেটে ফেলেছে। এ বিষয়ে ডেসকোর ভাষ্য হচ্ছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় কুড়িল ইন্টারসেকশনে ফ্লাইওভার নির্মাণের প্রস্তুতি চলছে। এ কারণে ফ্লাইওভারের সাইট থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলতে বলেছে রাজউক। সরানোর আগে জোয়ার সাহারা ডিওএইচএস গেট থেকে খিলক্ষেত ফুটওভারব্রিজ পর্যন্ত ও কুড়িল বিশ্বরোড থেকে পিনাকল সিএনজি পাম্প পর্যন্ত ইন্টারনেট ও কেব্ল টিভি সেবাদাতাদের বলা হয়েছিল, তাঁরা যেন তাঁদের তার সরিয়ে নেন। কিন্তু কাজটি তাঁরা করেননি। তাই রাজউকের তাগিদে ডেসকো ২৬ সেপ্টেম্বর ফ্লাইওভারের সাইট থেকে ইন্টারনেট ও কেব্ল টিভির তার কেটে ফেলে। এ ক্ষেত্রে সুধীজনের ভাষ্য হচ্ছে, সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলোর কাণ্ডজ্ঞানহীন আচরণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।