টু ক রো খ ব র
রাজউকের ভুয়া পরিদর্শক!যাঁরা ভবন তৈরি করছেন বা করবেন, তাঁরা সাবধান! কেননা খোদ রাজউক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলছে, একটি প্রতারক চক্রের সদস্যরা নিজেদের রাজউক পরিদর্শক বা কর্মকর্তা পরিচয় দিচ্ছে। ভুয়া এই লোকজন নির্মিত বা নির্মাণাধীন ভবন পরিদর্শনের নামে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে অর্থ আদায় করছে। কেননা, অনেকেই রাজউকের অনুমোদন ছাড়া কিংবা রাজউক অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন তৈরি করছেন। এ ছাড়া প্রতারক চক্র রাজউক থেকে নকশার অনুমোদন বা ছাড়পত্র আনার কথা বলেও ভবন নির্মাতাদের কাছ থেকে অর্থ নিচ্ছে। রাজউক এসব প্রতারক থেকে দূরে থাকতে বলছে নগরবাসীকে। এমন প্রতারক চক্রের খবর পেলে জানানো যাবে রাজউকের সদস্যের (পরিকল্পনা) টেলিযোগাযোগ নম্বরে (০১৭৩০০১৩৯০৩, ৯৫৬১১৩৭) কিংবা পরিচালকের (উন্নয়ন নিয়ন্ত্রণ) নম্বরে (০১৭৩০০১৩৯১৩, ৯৫৫৪৬৬৭)। এখন সুধীমহলের প্রশ্ন হচ্ছে, প্রতারক চক্রকে রাজউক নিজে না ধরে সাধারণ মানুষের ওপর ওই দায়িত্ব দিচ্ছে কেন?পশু হাটের খোঁজআসছে ঈদুল আজহা। দিন কয়েক পরেই কোরবানির পশু কিনতে গবাদিপশুর হাটের দিকে পা ফেলবে নগরবাসী। নগরে স্থায়ী পশুর হাট বলতে আছে শুধু গাবতলীর হাট। কিন্তু একটিমাত্র হাট পুরো নগরের কোরবানির পশু জোগান দিতে পারে না। এ জন্য এবার সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে আরও ১২টি অস্থায়ী হাট বসছে নগরের বিভিন্ন এলাকায়।হাটগুলো হচ্ছে ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ডের পাশের খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজারের কাছের মৈত্রী সংঘের মাঠ, উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গা, আরমানিটোলা খেলার মাঠ, কমলাপুরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে বালুর মাঠ, মেরাদিয়া বাজার ও বনানী-কাকলীর রেলস্টেশনের পাশের খালি জায়গা।আদালতের নিষেধাজ্ঞা থাকায় গতবারের মতো এবারও ডিসিসি রাস্তার ওপর কোনো পশুর হাট বসাচ্ছে না। কিন্তু বিভিন্ন খেলার মাঠে পশুর হাট করার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না শরীর-সচেতন মানুষেরা। আবার বাসস্ট্যান্ড ও রেলক্রসিংয়ের পাশের খালি জায়গায় পশুর হাট বসলে রাস্তায় যানজট তৈরির আশঙ্কার কথা জানালেন অনেকে। এদিকে অস্থায়ী হাটের পশুর বর্জ্য ও আবর্জনা এখানে-সেখানে ফেলে রাখলে হাটের আশপাশের বাসিন্দাদের ভোগান্তির মধ্যে পড়তে হবে। তাই অস্থায়ী পশুর হাট থেকে টোল আদায়ের পাশাপাশি, জনদুর্ভোগ কমাতে ডিসিসি নজর দেবে বলে আশা করছেন সচেতন নাগরিকেরা।