অজন্তা মেন্ডিসের স্মরণীয় ফেরা, ব্রেন্ডন ম্যাককালামের ফোরহ্যান্ড কিংবা আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের হেলিকপ্টার শট—টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক কিছুই দেখা গেছে। গ্রুপ পর্বের এমন আরও কিছু আলোচিত ঘটনার কথা জানাচ্ছে আরিফুল ইসলাম
টু ক রো টু ক রো ছবি
গ্রুপ পর্বঅস্বস্তিকর অভিষেকহতে পারে প্রতিপক্ষ জিম্বাবুয়ে, কিন্তু মঞ্চটা তো বড়! বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অভিষেক বলেই হয়তো একটু নার্ভাস ছিলেন দিলশান মুনাবীরা। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে সুনাম আছে, অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে নিজের পছন্দে দলে নিয়েছেন তাঁকে। কিন্তু অভিষেকে ঠিক স্বস্তিতে খেলতে পারছিলেন না মুনাবীরা। সেই অস্বস্তিই ডেকে আনল ‘মৃত্যু’। প্রসপার উতসেয়াকে সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন উইকেটে। সোজা শর্ট ফাইন লেগে ক্রিস পোফুর দিকে বল, তবু রানের জন্য ছুটলেন মুনাবীরা। সঙ্গী তিলকরত্নে দিলশান দ্রুতই ফেরত পাঠালেন তাঁকে। ক্রিজে ফেরার তাড়াহুড়োয় হাত থেকে পড়ে গেল ব্যাট, বাঁচার জন্য পড়িমড়ি করে পা বাড়িয়ে দিলেন। লাভ হলো না তাতেও। ১৭ রানে রানআউটে শেষ মুনাবীরার অস্বস্তিতে ভরা অভিষেক ইনিংস।ট্রিপল মিসফিল্ডপ্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেন মিসফিল্ডের মহড়ায় নেমেছিল জিম্বাবুইয়ানরা। সবচেয়ে কৌতুককর মিস ১৩তম ওভারে। পোফুকে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন জীবন মেন্ডিস। ফলো থ্রুতে আটকানোর চেষ্টা করেছিলেন পোফু, কিন্তু বল তাঁর হাতে চুমু দিয়ে ছিটকে বেরিয়ে এল। নন-স্ট্রাইকে সাঙ্গাকারা ও আম্পায়ার ইয়ান গোল্ড পড়িমড়ি করে নিচু হয়ে বাঁচলেন। বল চলে গেল সীমানার দিকে। ছুটে এলেন লং অফ ও লং অন ফিল্ডার। ব্রায়ান ভিটরি চেষ্টা করলেন বল থামাতে, কিন্তু বল তাঁর আঙুলের ফাঁক গলে বেরিয়ে গেল। ধরতে পারলে না পেছনে থাকা উতসেয়াও, বল পেরিয়ে গেল সীমানা!ভাইদের লড়াইদুই জোড়া ভাই খেলেছেন এই টুর্নামেন্টে। তাঁদের দুদলও পড়েছিল একই গ্রুপে। তবে ওই দুদলের ম্যাচে প্রত্যাশামতো ‘মিলন’ হয়নি চার ভাইয়ের। অস্ট্রেলিয়া একাদশে মাইক হাসি থাকলেও ছিলেন না ডেভিড হাসি। আইরিশদের এই বিলাসিতার সুযোগ ছিল না। দুই ও’ব্রায়েন ভাই দলের অপরিহার্য অংশ। সেই ম্যাচে তা প্রমাণও করেছেন দুজন। দলের বিপর্যয়ে ৫২ রানের জুটি গড়েছিলেন নিয়াল ও কেভিন ও’ব্রায়েন। কেভিন পরে আবার আউট করেছেন মাইক হাসিকে। ভাইদের লড়াইয়ে ও’ব্রায়েনরা জিতলেও দলের লড়াইয়ে হাসিদের ছিল অনায়াস জয়।স্লেজিং উত্তাপ‘বড় ভাইদের’ কাছে তাদের পরিচয় ‘মিনোজ’ হতে পারে, শরীরী ভাষায় কিন্তু আইরিশরা কম যান না। সেটার একটা প্রমাণ দিলেন তাঁরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। অস্ট্রেলিয়ার ইনিংস তখন কেবল শুরু হচ্ছে, গার্ড নিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার। কিছু একটা বললেন আইরিশ উইকেটকিপার গ্যারি উইলসন। ভয়ংকর কিছুই হবে, একেবারে তেড়েফুঁড়ে এগিয়ে গেলেন ওয়ার্নার। উইলসনও বুক উঁচিয়ে দাঁড়িয়ে গেলেন চোখ পাকিয়ে! আম্পায়ার আলিম দার ত্বরিত গিয়ে দাঁড়ালেন দুই ‘যোদ্ধার’ মাঝে। নন-স্ট্রাইকপ্রান্ত থেকে শেন ওয়াটসন ছুটে গিয়ে ফেরালেন ওয়ার্নারকে, আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড ফেরালেন উইলসনকে।ক্রিকেট ফোরহ্যান্ডক্রিকেট তো বরাবরই প্রথম ভালোবাসা, তবে স্কুলে টেনিসটাও খারাপ খেলতেন না ব্রেন্ডন ম্যাককালাম। টেনিসবিদ্যার সেই ঝোলা থেকে খানিকটা বের করলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। ইনিংসের ১৫তম ওভার করছিলেন মাশরাফি। ডাউন দ্য উইকেট খেলতে এলেন ম্যাককালাম, আগেভাগেই সেটা বুঝে শর্ট বল করলেন মাশরাফি। পুল খেলতে গেলে বল শুধু আকাশেই ওঠার সম্ভাবনা। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত বদলে টেনিসের ফোরহ্যান্ডের মতো করে চালিয়ে দিলেন ব্যাট, বল অনায়াসেই পেরিয়ে গেল লং অফ সীমানা। অমন ফোরহ্যান্ড খেলতে পারলে গর্ব বোধ করতেন রজার ফেদেরারও!‘রিটার্ন গিফট’দিনটিকে হয়তো কখনোই ভুলবেন না কামরান আকমল। গত ওয়ানডে বিশ্বকাপে পাল্লেকেলেতে রস টেলরের সহজতম দুটো ক্যাচ ছেড়েছিলেন পাকিস্তানি উইকেটকিপার। জন্মদিনে অমন উপহার পেয়ে ম্যাচ জেতানো বিধ্বংসী এক সেঞ্চুরি করেছিলেন টেলর। আকমলকে খেসারত দিতে হয়েছিল দলে জায়গা হারিয়ে। এবার সেই পাল্লেকেলেতেই আবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। প্রথম ওভারেই স্লিপে হাফিজের সহজ এক ক্যাচ ছাড়লেন টেলর! তখন শূন্য রানে থাকা হাফিজ পরে খেলেছেন ৪৩ রানের কার্যকর এক ইনিংস।প্রত্যাবর্তনরহস্য-টহস্য কবেই হারিয়েছে। দীর্ঘ অনুপস্থিতিতে অনেকে তাঁর নামই ভুলে যেত বসেছিলেন। অজন্তা মেন্ডিস হয়তো ভাবলেন, আবার মনে করিয়ে দেওয়া দরকার। আর কপাল পুড়ল জিম্বাবুইয়ানদের। নয় মাস পর মাঠে নেমেই অবিশ্বাস্য বোলিং ফিগার ৪-২-৮-৬! টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের নিজেরই রেকর্ড (৬/১৬) ভেঙে দিলেন অনায়াসে। স্মৃতি হয়ে যেতে বসেছিল হরভজন সিং নামটাও। এক বছরেরও বেশি ছিলেন দলের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচে সুযোগ মিলল রবিচন্দ্রন অশ্বিন বিশ্রাম পাওয়ায়। ভাজ্জি ফিরলেন পাঞ্জাবি হুংকার ছেড়ে। সেই পুরোনো ঝলক দেখিয়ে চার উইকেট নিলেন ১২ রানে, টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র সেরা বোলিং কীর্তি!তৃপ্তি না আক্ষেপ!হাসিটা শুষ্ক। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যখন ডাগআউটে ফিরছিলেন, যেন বুঝতে পারছিলেন না ব্যাট উঁচিয়ে ধরবেন কি না। একবার খানিকটা তুলেও আবার নামালেন। মনের ভেতরের দোলাচলটাই যেন ফুটে উঠল লুক রাইটের অভিব্যক্তিতে। ৯৯ রানে আটকে যাওয়া ব্যাটসম্যানদের সেই চিরকালীন টানাপোড়েন—এত রান করার তৃপ্তি বড়, না আর একটা রান না পাওয়ার আক্ষেপ! যদি হয় অপরাজিত ৯৯—তৃপ্তি ও আক্ষেপের টানাপোড়েনটা তখন তো আরও বেশি। গত জুন মাসে ৯৯ রানে কাটা পড়েছিলেন সতীর্থ অ্যালেক্স হেলস, ৯৯ রানে অপরাজিত থাকা প্রথম ব্যাটসম্যান রাইট। কিন্তু এই রেকর্ডে যে তৃপ্তির চেয়ে আক্ষেপের কথাই বেশি লেখা! এর চেয়ে বরং প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান ইংলিশ ব্যাটসম্যান হতে নিশ্চয়ই বেশি পছন্দ করতেন রাইট!হেলিকপ্টার শটশারীরিক আকৃতিতে তাঁকে মেলানো যায় ইনজামাম-উল-হকের সঙ্গে। ব্যাটিংয়ের ধরনে তুলনাটা যায় শহীদ আফ্রিদিরর সঙ্গে। এমন সব শট খেলেন, ক্রিকেট বইয়ে যেসবের অস্তিত্ব নেই। তবে আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের আদর্শ কিন্তু মহেন্দ্র সিং ধোনি। শুধু আদর্শ বললে ভুল হবে, পাগল ভক্তও। যতটা পারা যায় অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করেন ধোনিকে। সেটা কখনো লুকানোর চেষ্টাও করেন না। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেমন ঘোষণা দিলেন ধোনির মতো একটা হেলিকপ্টার শট খেলবেনই। খুব বেশি সময় ছিলেন না উইকেটে, তবে প্রতিশ্রুতি কিন্তু ঠিকই পূরণ করেছেন। তৃতীয় ওভারেই জহির খানের একটি ফুল লেংথ বলে খেললেন কাঙ্ক্ষিত শট, মিড উইকেট দিয়ে গুলির বেগে চার। তাঁর চোখে-মুখে ফুটে উঠলো তৃপ্তির ছাপ। হেলিকপ্টার শটের তৃপ্তি!ছয় ছক্কার পরের ছক্কাক্যানসারকে জয় করে আবার বিশ্বকাপের আঙিনায়—যুবরাজ সিংয়ের জন্য মুহূর্তটি ছিল আবেগময়। স্মৃতিময়ও। সেদিনই যে ছিল ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কীর্তির পঞ্চম বর্ষপূর্তি! পাঁচ বছর আগে ঠিক ওই দিনেই স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কায় উড়িয়ে জায়গা করে নিয়েছিলেন রেকর্ড বইয়ে। ছয় ছক্কার ‘জন্মদিন’ কি আর ছক্কা দিয়ে উদ্যাপন না করলে হয়! রানের খাতা খুললেন ছয় মেরে! দুই ওপেনার শেবাগ-গম্ভীরকে ফিরিয়ে আফগান পেসার শাপুর জাদরান তখন টগবগ করে ফুটছিলেন। যুবরাজ ‘কেক কাটার’ জন্য বেছে নিলেন জাদরানকেই। একটি লেংথ বলে সোজা চালিয়ে দিলেন ব্যাট, আভিজাত্য আর পেশিশক্তির মিশেলে বল আশ্রয় নিল গ্যালারিতে।ভিলেন থেকে নায়কক্যাচ মিস তো ম্যাচ মিস—কথাটা আরও বেশি সত্যি হয়ে ওঠে, ক্যাচটা যদি হয় ক্রিস গেইলের। তবে মনের জোর আর ক্রিকেটীয় দক্ষতায় কথাটিকে সেদিন মিথ্যা করে ছাড়লেন শেন ওয়াটসন। চার রানে গেইলের ক্যাচ ছেড়েছিলেন। গেইল ঠিকই ঝড় তুলে ছুঁয়েছিলেন ফিফটি। তবে ওয়াটসন ভেঙে পড়েননি। দারুণ এক ডেলিভারিতে ফিরতি ক্যাচ নিয়ে ফিরিয়েছেন গেইলকে। স্লগ ওভারে আউট করেছেন বিপজ্জনক কাইরন পোলার্ডকেও। পরে ব্যাট হাতেও ঝড় তুলে জিতিয়েছেন দলকে। যেন বুঝিয়ে দিলেন, তিনি ভিলেন নন, সত্যিকারের নায়ক!লজ্জা ফেরতআফগান শৌর্য সেদিন হয়ে যাচ্ছিল আফগান লজ্জা। ২৬ রানে যখন আফগানিস্তানের ৮ উইকেট তুলে নিল ইংল্যান্ড, মনে হচ্ছিল টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোরটা হয়েই যাচ্ছে। কেনিয়ার ৬৭ রান তো তখনো অনেক দূর! গুলবদিন নাইবের ঝড়ে (৩২ বলে ৪৪) উদ্ধার আফগানদের, শেষ পর্যন্ত করতে পারল ৮০ রানের ‘ভদ্রস্থ’ স্কোর। সেদিনের শিকারিরা দুদিন পর প্রায় হয়ে যাচ্ছিল শিকার! সর্বনিম্ন স্কোরের ভূত ভর করল ইংলিশদের ওপর। ভারতের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিংয়ে ৬০ রানে নেই ৯ উইকেট! শেষ উইকেট জুটি পরে লজ্জা থেকে বাঁচাল বিশ্বচ্যাম্পিয়নদের। আফগানদের মতো ইংল্যান্ডও শেষ পর্যন্ত তুলতে পারল ৮০!