টুইংকল টুইংকল লিটল স্টার-লিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার বিতরণী পর্বে তিনিই ছিলেন সবচেয়ে প্রার্থিত ব্যক্তি। মাত্র ৭০ বলে সেঞ্চুরি করেছেন, এই বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে বল হাতে ১০ ওভারে নিয়েছেন ২টি উইকেট। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু ম্যাচ-সেরার পুরস্কার নিতে তিনি এলেন না। তাঁর হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কী হয়েছিল হল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ৬ উইকেটের জয়ের নায়ক পল স্টারলিংয়ের?কারণ যা-ই হোক, তিনি না আসায় পুরস্কার বিতরণী পায় নতুন মাত্রা। স্টারলিংয়ের হয়ে কথাও বলতে হলো পোর্টারফিল্ডকে। স্টারলিং-বন্দনা ছাড়া আইরিশ অধিনায়ক আর কী বলতে পারতেন, ‘পলের ইনিংসটি ছিল অসাধারণ। দুর্দান্ত পেশাদারি দেখিয়েছে সে!’ পোর্টারফিল্ড এই রায় তো দেবেনই, ব্যাট হাতে স্টারলিংয়ের ডাচ বোলারদের নিগৃহীত হওয়ার সাক্ষী যে তিনিই। ৩০৬ রানের পুঁজি গড়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্নই দেখছিল হল্যান্ড। কিন্তু অধিনায়ককে সঙ্গে নিয়ে মাত্র ২৭ ওভারেই ১৭৭ রানের জুটি গড়ে ফেলেন স্টারলিং।২০ বছর বয়সী স্টারলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হল্যান্ড অধিনায়ক পিটার বোরেনও, ‘আমাদের ভালো সুযোগ ছিল, কিন্তু তরুণ স্টারলিংকে কৃতিত্ব দিতেই হবে।’২০০৮ সালে অভিষেক। মারমুখী ওপেনার হিসেবে নিজেকে চিনিয়েছেন। গত সেপ্টেম্বরে কানাডার বিপক্ষে খেলেছিলেন ১৩৪ বলে ১৭৭ রানের কাব্যিক ইনিংস। কিন্তু বিশ্বকাপে ঠিক ছন্দ পাচ্ছিলেন না। অবশেষে ইডেন-অনুপ্রেরণায় নিজেদের শেষ ম্যাচে স্টারলিং দেখালেন তাঁর সামর্থ্য। কিন্তু আফসোস, আইসিসি ১০ দলের বিশ্বকাপের পরিকল্পনায় অটল থাকলে স্টারলিংরা যে আড়ালেই থেকে যাবেন!