টুইটার ছাড়ার খেসারত দিলেন নিকি
মার্কিন গায়িকা নিকি মিনাজ সম্প্রতি টুইটারে ফিরেছেন। অনলাইনে গান ফাঁস হওয়ায় ক্ষুব্ধ নিকি নয় দিন আগে টুইটারকে বিদায় জানিয়েছিলেন। তবে সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় এই সাইটে ফিরে এসেছেন ২৯ বছর বয়সী নিকি।অবশ্য নিকিকে তাঁর রাগ আর টুইটার ছাড়ার খেসারত ভালোই গুনতে হয়েছে। নয় দিন টুইটারে অনুপস্থিত থাকায় ১১ মিলিয়ন টুইটার ফলোয়ার বা অনুসারীকে হারিয়েছেন তিনি। @nickiminaj নামে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন নিকি। মাঝে নয় দিন তিনি টুইটার থেকে দূরে থাকলেও এখন থেকে আগের নামেই তাঁকে খুঁজে পাবেন ভক্ত ও অনুসারীরা। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই দিয়েছে এমটিভিনিউজ।অবশ্য এরই মধ্যে পুরোনো সব টুইটার বার্তা নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে এনেছেন এই গায়িকা। কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো টুইট করেননি মিনাজ।উল্লেখ্য, ভক্তদের কথা বিবেচনা করেই চলতি সপ্তাহের শুরুতে টুইটারে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন নিকি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘টুইটার ছাড়া আমার দিন-কাল ভালোই কাটছে। এক অর্থে বিষয়টিকে উপভোগই করছি। কিন্তু ভক্তদের কথা ভেবে খুব খারাপ লাগছে। কারণ টুইটারকে বিদায় জানানোর পর তাঁরা অনেক দুঃখ পেয়েছেন। তাঁদের জন্যই আবার টুইটারে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’