টুইটারে নাম পাল্টালেন ডেমি মুর
টুইটারে নাম পাল্টে ‘মিসেসকুচার’ থেকে ‘জাস্টডেমি’ হয়ে গেলেন হলিউডের অভিনেত্রী ডেমি মুর। অ্যাস্টন কুচারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেওয়ার প্রায় ছয় মাস পর ৩ মে বৃহস্পতিবার টুইটার থেকে কুচারের নাম মুছে ফেলেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।‘মিসেসকুচার’ নামে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন ডেমি মুর। সেখানে ডেমি ও কুচার দুজনই তাঁদের ছবি প্রকাশের পাশাপাশি প্রায়ই একে অপরের প্রতি প্রগাঢ় ভালোবাসার বার্তা ছড়াতেন। কিন্তু ৩৪ বছর বয়সী কুচারের পরনারীর প্রতি আসক্তির কথা জানতে পেরে তাঁর সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ডেমি। গত বছরের নভেম্বরে ‘মিসেসকুচার’ অ্যাকাউন্ট থেকেই তাঁদের বিচ্ছেদের ঘোষণা আসে।নভেম্বর থেকে পরবর্তী তিন মাস টুইটারে অনুপস্থিত ছিলেন ডেমি। অবশেষে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে তিনি টুইটারে ফেরেন। বিছানায় একা শোয়া অবস্থার ছবি পোস্ট করেন এবং ছবির নিচে ক্যাপশন জুড়ে দেন, ‘পরীক্ষা করছি।’ এপ্রিলেই ৫ মিলিয়ন টুইটার অনুসারীদের তিনি অনুরোধ করেন, নতুন টুইটার নাম খুঁজে দেওয়ার। অবশেষে ‘জাস্টডেমি’ নামটিকেই জুতসই মনে হয় তাঁর কাছে।এ প্রসঙ্গে ডেমির উদ্ধৃতি দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, ‘টুইটারের জন্য জুতসই নাম খুঁজে পাওয়াটা মোটেও সহজ নয়। আমার জন্য সুন্দর নতুন একটি নাম খুঁজে বের করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’