টুইটারে নেই শাহরুখ!
টুইটারে সক্রিয় বলিউডের তারকাদের মধ্যে অন্যতম ছিলেন শাহরুখ খান। অথচ সেই শাহরুখই কিনা অনুপস্থিত সামাজিক যোগাযোগ রক্ষার অন্যতম জনপ্রিয় এই ওয়েবসাইটে! কয়েক দিন ধরেই শাহরুখকে খুঁজে পাওয়া যাচ্ছে না টুইটারে।প্রিয়াঙ্কা চোপড়া, হূতিক রোশন, অমিতাভ বচ্চন, রাম গোপাল ভার্মা ও অক্ষয় কুমারের পাশাপাশি শাহরুখকেও বিবেচনা করা হয় টুইটারের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে। নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে টুইটার বার্তা চালাচালির জন্য সুপরিচিত তিনি। অথচ গত মাসের ২২ তারিখের পর একটিও টুইট করেননি শাহরুখ।টুইটারে শাহরুখের এ অনুপস্থিতির কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, অনেকে এ জন্য রাম গোপাল ভার্মাকেই দায়ী করছেন। ২১ মার্চ শাহরুখ এক টুইটার বার্তায় লিখেছিলেন, ‘আমার ছোট্ট ছেলে আর মেয়েটির কথা খুব মনে পড়ছে। ওদের ছোট ছোট হাতে কত আদরই না লুকিয়ে আছে! আর ওদের বিশাল হূদয়ের সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার জানা নেই।’ এমন আবেগী একটি বার্তাকে কটাক্ষ করে একই দিন ভার্মা টুইটারে লিখেছিলেন, ‘সত্যিই যদি সব বাচ্চারা এত সুন্দর হূদয়ের অধিকারী হয়, তাহলে কীভাবে তাদের বেশির ভাগই বড় হওয়ার পর জারজ সন্তানের মতো আচরণ করে!’ভার্মার এমন কটু মন্তব্যের পর টুইটারে আর কোনো বার্তা লেখেননি শাহরুখ। বিষয়টি কাকতালীয় কোনো ঘটনা নাকি ভার্মার মন্তব্যে আহত হয়েই টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিং খান, তা জানা না গেলেও সবার প্রত্যাশা শিগগিরই আবার টুইটারে সক্রিয় হবেন তিনি। কে কী লিখল বা বলল, সেটা গ্রাহ্য না করে সাময়িক বিরতি শেষে আবারও স্বমহিমায় টুইটারে ফিরে আসবেন শাহরুখ।