টুইটারে মাইলির তুলকালাম!
ওয়েস্ট হলিউডে সম্প্রতি অস্কার আসর শেষে এক অস্কার পার্টির আয়োজন করেছিল ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন। সেখানে হাজির ছিলেন মার্কিন পপগায়িকা মাইলি সাইরাসও। কিন্তু তাঁর পোশাকটি অপছন্দ হওয়ায় মাইলির এক ভক্ত কটু মন্তব্য পাঠিয়েছিলেন মাইলির টুইটার অ্যাকাউন্টে। ব্যস, এতেই চরম খেপেছেন তিনি। রেগে গিয়ে টুইটারের কর্তা-ব্যক্তিদেরকে এ প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও বলেছেন মাইলি।মাইলির ওই ভক্ত টুইটার বার্তায় লিখেছিলেন, ‘সাদা রঙের যে জবরজং পোশাকটি তুমি পরেছ, তা আবর্জনা ছাড়া আর কিছুই নয়। তুমি মর।’ এক খবরে এমনটাই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। ভক্তের এমন মন্তব্যে মাইলির তো চক্ষু চড়কগাছ। মন্তব্য পড়ার পর রাগে ফুঁসে ওঠেন ১৯ বছর বয়সী এই তারকা। সঙ্গে সঙ্গে পাল্টা টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আপনার মত যারা এ ধরনের কুরুচিকর মন্তব্য করেন, তাঁদেরকে ঘৃণা করা ছাড়া আর কিছুই করার নেই আমার।’মাইলি আরও লিখেছেন, ‘আমাকে এ মন্তব্য খুবই ব্যথিত করেছে। আমার সাজ-পোশাক কিংবা আচরণে কারও খারাপ লাগতেই পারে। কিন্তু সে কারণে কেউ যদি আমাকে মরতে বলে সেটা আমি মোটেও সহ্য করব না।’শুধু পাল্টা টুইট করেই ক্ষান্ত হননি মাইলি। টুইটারের কর্তা-ব্যক্তিদেরও একহাত নিয়েছেন। সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় এই ওয়েবসাইটটির মাধ্যমে বেশ কিছুদিন ধরেই এ ধরনের বাজে মন্তব্য পাওয়ায় সাইটটির প্রতি নিজের ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি। এ ধরনের বাজে মন্তব্য যাতে কেউ পোস্ট করতে না পারে সে জন্য টুইটারে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা সংযুক্ত করার পরামর্শও দিয়েছেন তিনি। আর এ ধরনের মন্তব্যকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করে টুইটার কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলেই জানিয়েছেন ক্ষুব্ধ মাইলি।