টুকটাক
আবিদ স্মরণেভাষা প্রতিযোগের এবারের উৎসবে আয়োজনের কোনো কমতি ছিল না। ভাষা প্রতিযোগ উপলক্ষে তৈরি করা ব্যানারে শোভা পাচ্ছিল অকালপ্রয়াত শিল্পী আবিদ শাহরিয়ারের ছবি। অনুষ্ঠানের শেষ পর্বে আবিদের কথা স্মরণ করে সঞ্চালক সাইদুজ্জামান রওশন যখন বললেন, ‘অকালপ্রয়াত শিল্পী আবিদ শাহরিয়ার নিয়মিত এই আয়োজনে অংশ নিয়ে গান শুনিয়েছেন। তাঁর স্মৃতি স্মরণ করে কেউ কি ওর গাওয়া কোনো গান গাইবে?’ তখন দর্শকসারি থেকে সিলেটের শাহিদা শোনাল আবিদের অনেকবার গাওয়া সেই রবীন্দ্রসংগীত, ‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে।’ গানটি শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ল, গত বছর ভাষা প্রতিযোগের অনুষ্ঠানে এই গানই গেয়েছিলেন আবিদ। এবারের উৎসবে আবিদ এভাবেই ফিরে এলেন আবার।তাঁর চারপাশেদুপুরের খাওয়ার বিরতি। অনেক শিক্ষার্থী তবু মিলনায়তন ছেড়ে যাচ্ছে না। ততক্ষণে তারা ঘিরে ধরেছে প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে। সবার হাতে অটোগ্রাফের খাতা। একধাপ এগিয়ে কেউ কেউ আবার প্রিয় লেখকের সঙ্গে ছবি তোলার আবদারও করছে। সেই ভিড়ের মধ্যে একের পর এক অটোগ্রাফ দিচ্ছেন মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে সঙ্গে মেটাচ্ছেন ছবির বায়নাও। খাওয়ার বিরতি শেষ। তখনো তাঁর চারপাশে ভিড় করে আছে শিক্ষার্থীরা। ভাষা প্রতিযোগের উৎসবে তারা পেয়েছে প্রিয় লেখককে। এত সহজে সঙ্গ ছাড়বে কেন!