টুকটাক
রহস্যময় হাঁড়িভাষা প্রতিযোগের মঞ্চ। কোনার টেবিলের ওপর একটি মাটির হাঁড়ি। চেয়ারে অতিথি শিক্ষকেরা। দর্শকসারির সবার দৃষ্টি হাঁড়ির দিকে। এটি নিশ্চয় গৌরনদীর মিষ্টির হাঁড়ি। শ্রদ্ধেয় শিক্ষকদের খাওয়ানোর জন্য আনা হয়েছে। মহাম্মদ দানীউল হক স্যার হাঁড়িতে হাত ঢোকালেন। উনি হাত ওঠাচ্ছেন। আর সবাই ভাবছে, মিষ্টি থেকে রস টপটপ করে পড়ার সময় স্যারের শার্টে লেগে না যায়। স্যার হাত ওঠালেন। এ কী! স্যারের হাতে একটি মোড়ানো সাদা কাগজ। সেখানে বাংলা ভাষা নিয়ে প্রশ্ন করেছে এক শিক্ষার্থী। এটি আসলে মিষ্টির হাঁড়ি নয়। বাংলা ভাষা নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন লেখা কাগজের হাঁড়ি। এখান থেকে শুধু প্রশ্ন বের হবে, মিষ্টি নয়। হাঁড়ি বড়ই রহস্যজনক!সতিনরঙ্গভাষা প্রতিযোগের প্রশ্নোত্তর চলছে। শিক্ষকেরা হাঁড়ি থেকে একের পর এক প্রশ্ন লেখা কাগজ তুলে উত্তর দিচ্ছেন। একজন শিক্ষার্থী প্রশ্ন লিখেছে, ‘সতিন শব্দটি ব্যাকরণের এক জায়গায় লেখা আছে এটি সংস্কৃত শব্দ। আবার এক জায়গায় লেখা আছে এটি খাঁটি বাংলা শব্দ। বহুনির্বাচনী প্রশ্নে উত্তরের মধ্যে যখন দুটিই উল্লেখ থাকবে, তখন আমরা কোনটিকে সঠিক বলব?’ সঠিক উত্তর মিলল মহাম্মদ দানীউল হক স্যারের কাছ থেকে। আরেকজন শিক্ষক মজা করে বললেন, ‘আসলে সতিন সংসারেও ঝামেলা করে, তাই ব্যাকরণেও সমস্যা করেছে।’ সতিন শব্দটিই আসলে ঝামেলাযুক্ত।