টুকটুক টিটি টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ সেপ্টেম্বর, শুক্রবারশ্রীলঙ্কায় ষষ্ঠ সফর। তবে এই প্রথম সরাসরি ঢাকা টু কলম্বো। ১৯৯৪ সালে প্রথম এসেছিলাম প্লেন আর ট্রেন মিলিয়ে। ঢাকা থেকে কলকাতা প্লেনে, কলকাতা থেকে ট্রেনে মাদ্রাজ, সেখান থেকে আবার প্লেনে কলম্বো। তখন ‘সার্ক টিকিট’ নামে এক বস্তু ছিল। সার্ক অঞ্চলের যেকোনো তিন দেশে কিছুটা প্লেন আর কিছুটা ট্রেন বা বাসে ভ্রমণ করলে টিকিটে ৩৩ শতাংশ ছাড় পাওয়া যেত। বিদেশে খেলা কাভার করতে রিপোর্টার পাঠানো বাংলাদেশের পত্রিকাগুলোর কাছে তখন বিলাসিতা হিসেবে গণ্য। ওই ৩৩ শতাংশ ছাড় বড় উপকারে এসেছিল।মাঝখানে আরও যে চারবার শ্রীলঙ্কা এসেছি, তার মধ্যে একবার, ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কাভার করতে করাচি থেকে কলম্বো এসেছিলাম। বাকি তিনবারের দুবার সিঙ্গাপুর হয়ে। অন্যবার যাত্রাবিরতি করতে হয়েছে ব্যাংককে। সবিস্তার বলার কারণ, ঢাকায় প্লেনে ওঠার পর শ্রীলঙ্কা আসতে আগের ভোগান্তিগুলো মনে হচ্ছিল আর এবার ‘প্লেন উড়লেই কলম্বো’ ভেবে বড় শান্তি লাগছিল!১৫ সেপ্টেম্বর, শনিবারবাংলাদেশ দল আছে তাজ সমুদ্রে। ১৬ তারিখ থেকে আমারও সেখানেই ওঠার কথা। শেষ মুহূর্তে দুই দিন আগে চলে আসায় উঠতে হলো হোয়াইটহাউস রেসিডেন্সি নামের এক অ্যাপার্টমেন্টে। ঢুকে তো হকচকিয়ে গেলাম। বিশাল এক ফ্ল্যাট। বেডরুম-ড্রয়িংরুম-ডাইনিং, কিচেন তো আছেই; এক কোনায় ফ্যাক্স মেশিন-টেশিন দিয়ে সাজানো ছোট্ট একটা অফিসও! দুই পাশে বিশাল দুই ব্যালকনি। শেষ মুহূর্তে কালের কণ্ঠ-এর নোমান মোহাম্মদ সঙ্গী হয়েছিল বলে রক্ষা, নইলে তো এখানে একা থাকতে ভয়ই করত!যেকোনো ট্যুরে প্রথম কাজ হলো মোবাইল সিম ও ইন্টারনেট মডেমের ব্যবস্থা করা, সেটি কলম্বো এয়ারপোর্টে নেমেই সেরে ফেলেছি। বাকি থাকল অ্যাক্রিডিটেশন কার্ডটা নেওয়া। সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কান ক্রিকেটের কার্যালয় থেকে সেটি নিয়ে ছুটলাম বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ দেখতে। ততক্ষণে এক ইনিংস শেষ। ডেভ হোয়াটমোর ‘হেই, হেই, হাউ আর ইউ’ বলে অভ্যর্থনা জানিয়ে কৃত্রিম ভর্ৎসনা করলেন, ‘তোমার দল খেলছে, আর তুমি এতক্ষণে এলে!’আমি মজা করে বললাম, ‘তোমাকে তো এখানে ঢুকতে দেওয়াই ঠিক হয়নি। কদিন পর বাংলাদেশের সঙ্গে খেলা বলে তুমি তো এসেছ স্পাইং করতে।’ কী বিচিত্র জীবন! এই শ্রীলঙ্কাতেই জন্ম, তার পর খেললেন অস্ট্রেলিয়ার পক্ষে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোচ ছিলেন, এখন পাকিস্তানের। শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের সঙ্গে কত স্মৃতি। পুরোনো দলের বিপক্ষে ম্যাচের সময় সেসব স্মৃতি কি মনে ভিড় করে না? হোয়াটমোর বললেন, ‘পেশাদার কোচকে ওসব মুছে ফেলতে হয়। জয়াবর্ধনে-সাঙ্গাকারারা যখন ব্যাটিং করে, তখন শুধু একটা কথাই মনে হয়, ফাজিলটা আউট হচ্ছে না কেন?’ ১৬ সেপ্টেম্বর, রোববারহোটেল বদল, সঙ্গে রুমমেটও। সকালে তাজ সমুদ্রে এসে উঠলাম। বিকেলে এসে সঙ্গী হলো ডেইলি স্টার-এর বিশ্বজিৎ রায়। ২০০৭ সালে শ্রীলঙ্কায় আগের সফরেও সঙ্গী ছিলাম আমরা দুজন। বিশ্বজিৎ রুমে ঢুকে অবশ্য আমাকে রীতিমতো বিধ্বস্ত অবস্থায় পেল। ল্যাপটপ বেগড়বাই শুরু করেছে, ইন্টারনেট মডেমও কাজ করছে না। মাথা খারাপ অবস্থা। একসময় ইন্টারনেট ছাড়া কীভাবে কাজ করতাম, সেটি ভেবে এখন বিস্ময়ই লাগে।একটা ঠিকানা খুঁজে ল্যাপটপ-ট্যাপটপ নিয়ে সেটি সারাতে ছুটলাম। আগের দুই দিনই কলম্বোর বদলে যাওয়া চোখে পড়েছে। গতকাল আইসিসির ক্রিকেট অস্কার অনুষ্ঠান কাভার করতে ওয়াটারস্ এজ নামে একটা জায়গায় গিয়েছিলাম। বিশাল এক কনভেনশন সেন্টার, পাশে লেকের পাশে বসার জায়গা—মনে হচ্ছিল, ইউরোপের কোথাও চলে এসেছি।এর আগে যতবার কলম্বো এসেছি, একটা গুমোট ভাব ঠিকই টের পেয়েছি। গৃহযুদ্ধের তাপও গায়ে লেগেছে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট, বালুর বস্তার পেছনে মেশিনগান উঁচিয়ে সৈনিক। কোনো একবার তো এই কলম্বোতে টাইগারদের বোমাভর্তি ট্রাক বিস্ফোরণের পরিকল্পনার কথা পত্রিকায় ছাপা হওয়ার পর রীতিমতো ভয় লাগত কোথাও যেতে। তিন দশকের গৃহযুদ্ধের অবসানে কলম্বোতে প্রাণের উচ্ছ্বাসটা খুব চোখে পড়ছে। শান্তির জন্য কখনো কখনো আসলেই যুদ্ধের প্রয়োজন হয়। ১৭ সেপ্টেম্বর, সোমবারসাকলায়েন মুশতাক আমাকে ডাকে ‘হুক-পুল’ বলে। প্রায় ১৬-১৭ বছর আগে প্রথম পরিচয়ের দিন আমার ‘উৎপল’ নামটা মনে রাখার সুবিধার্থে সেটির এমন ক্রিকেটীয় রূপ দিয়েছিল ও। সাকলায়েন আর মোহাম্মদ আকরামের সঙ্গে একই দিনে পরিচয়। কারও সঙ্গেই যোগাযোগ না রাখার বদ অভ্যাসের পরও এই দুজনের সঙ্গে ঘনিষ্ঠতাটা হারিয়ে যায়নি। দুজনের সঙ্গে কলম্বোতে আবার দেখা হওয়ার পর বললাম, ‘দেখো, এখন তোমরা খেলোয়াড় থেকে বোলিং কোচ। আর আমি সেই প্রথম পরিচয়ের দিন যা করতাম, এখনো সেই একই কাজ করে যাচ্ছি।’ সাকলায়েনের সঙ্গে একটু দুষ্টুমিও করলাম, ‘এই গল্পের ম্যুরাল কী, বল তো? ক্রিকেটার্স কাম অ্যান্ড গো, জার্নালিস্টস আর ফরএভার।’১৮ সেপ্টেম্বর, মঙ্গলবারএর আগে দুবার ক্যান্ডি এসেছি ট্যাক্সি ভাড়া করে। এবার সাতসকালে ট্রেনে। কলম্বো ছাড়ার পর অনেকক্ষণ পর্যন্ত দুই পাশের দৃশ্য একঘেয়েই লাগছিল। বাংলাদেশের মতোই তো! এই ট্রেন জার্নি নিয়ে এত উচ্ছ্বাস ইউরোপিয়ানদের আদেখলেপনা বলেই মনে হচ্ছিল। সেই ভুল ভাঙল ক্যান্ডির কাছাকাছি আসতেই। দুই পাশে পাহাড় যেন ছবি হয়ে দাঁড়িয়ে। ভোরে ওঠার ক্লান্তি সব ধুয়েমুছে গেল।ক্যান্ডির মাহাভেলি রিচ হোটেলে ২০০৭ সালে আগের সফরের অনেক স্মৃতি জড়িয়ে। চেক ইন করে গেমস রুমটা ঘুরে আসতে গিয়ে দেখি, বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই ওখানে। মাশরাফির সঙ্গে টেবিল টেনিস খেললাম। প্রথম সেটটা জিতেছিলাম, পরের দুটিতে ও। ‘জার্নি করে এসে ক্লান্ত বলে পারলাম না, রাতে তোমার সঙ্গে বেস্ট অব ফাইভ সেট হবে, তখন দেখিয়ে দেব’—মাশরাফি হাসিমুখে চ্যালেঞ্জ গ্রহণ করল। কিন্তু খেলা আর হলো না। লেখা শেষ করে গিয়ে দেখি গেমস রুম বন্ধ হয়ে গেছে। এই হোটেলে তো আছি আরও কয়েক দিন, শোধটা নিতেই হবে। ১৯ সেপ্টেম্বর, বুধবারক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামটা চেনা, তবে পাল্লেকেলে স্টেডিয়ামে এই প্রথম। ক্যান্ডি শহর থেকে ১৪-১৫ কিলোমিটার দূরত্ব। টুকটুকে আধঘণ্টা মতো লাগে। টুকটুক মানে বেবিট্যাক্সি আরকি! বাংলাদেশে যেটির নাম হয়ে গেছে ‘সিএনজি’। শ্রীলঙ্কার বেবিট্যাক্সিকে তা বলা যাচ্ছে না। এখানে তো আর গ্যাস নেই, বেবিট্যাক্সি চলে পেট্রলে। সিএনজি নামটা একরকম সহ্য হয়ে গেছে, কিন্তু একই নিয়ম অনুসরণ করে শ্রীলঙ্কার বেবিট্যাক্সিকে ‘পেট্রল’ নামে ডাকলে সেটি বোধ হয় বাড়াবাড়িই হয়ে যায়!এত দূরে স্টেডিয়াম, আসতে আসতে একটু বিরক্তই লাগছিল। মাঠে পা দিয়ে অবশ্য তা উধাও। ঠিক পেছনেই আকাশের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে পাহাড়। যত ক্রিকেট মাঠে গেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর নিউজিল্যান্ডের কুইন্সটাউন। তবে সেটি ঠিক স্টেডিয়াম নয়, খোলা মাঠ। পাল্লেকেলেকে বরং তুলনা করা যায় কেপটাউনের নিউল্যান্ডসের সঙ্গে। নিউল্যান্ডসের পাশে টেবিল মাউন্টেন। পাল্লেকেলের পাহাড়ের নাম জানি না, তবে টেবিল মাউন্টেনের চেয়ে সেটি কম সুন্দর তো নয়ই, হয়তো বেশিও।২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবারশ্রীলঙ্কা এলাম এক সপ্তাহ হয়ে গেল। অথচ এখনো কোনো খেলাই দেখা হলো না। বিরক্তির চূড়ান্ত। খেলার বাইরের প্যাঁচাল লিখতে কাঁহাতক ভালো লাগে! কলম্বো ও হাম্বানটোটায় খেলা হচ্ছে। কিন্তু বাংলাদেশ দলের পিছু-পিছুই তো থাকতে হবে। বাংলাদেশের সাংবাদিক বহরটাও এবার অনেক বড়। রস টেলরের সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাংবাদিক মাত্র দুজন আর বাংলাদেশের সাংবাদিক-টিভি ক্যামেরাম্যান মিলিয়ে প্রায় ২০ জন। আরও নাকি আসছে। নিউ এজ-এর আজাদ মজুমদারের পরিসংখ্যান-টরিসংখ্যানে খুব আগ্রহ। গর্বভরে তিনি জানালেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই রেকর্ড। ২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ জন সাংবাদিকের রেকর্ড ভেঙে দিয়েছি আমরা।’