টুকরো খবর
হিসাব হচ্ছে কুকুরের!ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) শ পাঁচেক পোষা কুকুরের টোকেন দিয়েছে। এর মাধ্যমে ঠিক বের করা যাচ্ছে না নগরে পোষা কুকুরের সংখ্যা কত। কারণ অনেকেই ডিসিসি থেকে তার পোষা কুকুরের টোকেন নেননি। অপর দিকে নগরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা কত, তা নিয়ে কখনো কোনো জরিপ হয়নি।এবার ঢাকা শহরের পথের কুকুরের সংখ্যা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে কুকুরের সংখ্যা বের করার পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে প্রশিক্ষণ দেয় হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক প্রাণিকল্যাণ সংস্থার প্রতিনিধিদল। শহরের পথে পথে কুকুরের সংখ্যা বের করতে ২৬ ডিসেম্বর মাঠ জরিপ শুরু হবে। আসছে জানুয়ারি মাসজুড়ে চলবে জরিপকাজ। এর পরই জানা যাবে ডিসিসি এলাকায় কুকুরের সংখ্যা কত। কুকুরের সংখ্যা বের করার কাজে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সহায়তা করছে অভয়ারণ্য (বাংলাদেশ প্রাণিকল্যাণ সংস্থা), স্বাস্থ্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ঢাকা সিটি করপোরেশন।চলছে এমআরটির জরিপনগরের সড়ক ছেয়ে যাচ্ছে ব্যক্তিগত গাড়িতে। এসব গাড়ির কারণেই যে এখন যানজট চরম আকার ধারণ করেছে, তা সরকারের নীতিনির্ধারণী মহলও মেনে নিচ্ছে। তাই সড়কে গাড়ির লাগাম টেনে ধরতে কর্তাব্যক্তিরা বিভিন্ন মতামত দিচ্ছেন। আর তাঁরাও গণপরিবহন বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) ২০ বছর মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনার (স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান—এসটিপি) এই হিসাবেই বলা হয়েছে এমআরটির (ম্যাস র্যাপিড ট্রানজিট) কথা। এর জন্য এসটিপিতে বিভিন্ন রুটের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে উত্তরা তৃতীয় পর্ব থেকে পল্লবী, মিরপুর ১০ নম্বর সেকশন, ফার্মগেট, ঢাকা মেডিকেল কলেজ-শহীদুল্লাহ হল এলাকা, গুলিস্তান হয়ে সায়েদাবাদ পর্যন্ত। ২১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটকে এমআরটি লাইন-৬ নামে চিহ্নিত করা হয়েছে। ডিটিসিবির একটি গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, এটি নির্মাণে যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন তার জরিপকাজ চলছে। জরিপকাজ শেষ হওয়ার পর কেউ যদি রুটের কোনো খালি জমিতে নতুন ভবন নির্মাণ বা স্থাপনা বাড়ায় কিংবা সংস্কারকাজ করে, তবে তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে যেতে হবে ফুলবাড়িয়ার নগর ভবনে ১৪ ও ১৫ তলায় ডিটিসিবির কার্যালয়ে।