টুকরো খবর
বদলে যাবে ঢাকার চেহারা?ঢাকায় বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। দেশ-বিদেশের ক্রিকেটার, কর্মকর্তা আর সমর্থকদের ভিড়ে মুখর থাকবে নগর। আবার টিভির পর্দায় দেশ-বিদেশের মানুষ খেলার পাশাপাশি দেখবে ঢাকা নগরকে। এ সময়টায় ভবন বা বাড়ির প্রাচীরটা যদি বিবর্ণ থাকে, তবে ঢাকার প্রতি একটা বিরূপ ধারণা হতে পারে ভিনদেশিদের। এই বিবর্ণতা রোধে উদ্যোগী হয়েছে ডিসিসি। তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নগরবাসীকে বিশ্বকাপ ক্রিকেটের আগে আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকার সব ভবনের দেয়াল ও প্রাচীরে রং দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেয়াল থেকে পোস্টার, লিফলেট ও দেয়াললিখন উঠিয়ে ফেলতে বলেছে ডিসিসি। তাদের অনুরোধ, নগরবাসী যেন ক্রিকেট বিশ্বকাপের আগে নগর থেকে অনুমোদনহীন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ঝোলানো পোস্টার, তোরণ সরিয়ে ফেলে। এখন যারা অবৈধভাবে এসব লাগায় বা বসায় তারা ডিসিসির কথায় এগুলো বিশ্বকাপের আগে সরিয়ে নিলেই হয়; নইলে ওই সময়ও বিবর্ণই থেকে যাবে ঢাকার চেহারা।আরও এক বীর মুক্তিযোদ্ধার নামে সড়কমুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করছে ঢাকা নগর। সেই স্মৃতি ধরে রাখতে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে নগরের অনেক সড়কই মুক্তিযোদ্ধাদের নামে রাখছে ডিসিসি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তারা গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কটির নামকরণ করেছে ‘বীর উত্তম আবদুস সালেক চৌধুরী সড়ক’। মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফ আহত হলে আবদুস সালেক চৌধুরী ‘কে ফোর্স’-এর নেতৃত্ব দিয়েছেন। সড়কের নামকরণে ডিসিসির উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সচেতন মানুষ। তবে তাদের কথা, নামকরণের পাশাপাশি ডিসিসির এমন উদ্যোগ নেওয়া উচিত যাতে সড়কের নতুন নামগুলো জনপ্রিয় হয়। আর সড়কের পাশের বাড়ি বা দোকানপাটে যাতে নতুন সড়কের নাম লেখা হয়, সেদিকেও ডিসিসির নজর দেওয়া উচিত। নামফলকগুলোরও যাতে যত্ন নেওয়া হয়। কারণ, ২২ ডিসেম্বর উন্মোচন হওয়া বীর উত্তম আবদুস সালেক চৌধুরী সড়কের ফলকটি ঘিরে এখনই বসে গেছে পথব্যবসায়ীরা।