টুকরো খবর
সিএনজি অটোরিকশার নতুন ভাড়ানগরে চলাচলকারী সিএনজিচালিত ও পেট্রলচালিত ফোর স্ট্রোক অটোরিকশার ভাড়া আবারও নির্ধারণ করা হয়েছে। ভাড়ার হার নির্ধারণ করে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বিআরটিএ সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকদের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর আগে এ রকম শর্ত দিলেও মালিক ও চালকেরা তার তোয়াক্কা করেননি। নিজেদের ইচ্ছেমতো জমা ও ভাড়া আদায় করেছেন তাঁরা। মনমতো না হলে চালক যাত্রীর কোনো কথাই শোনেননি।নতুন বিজ্ঞপ্তির শর্তে বলা হয়েছে, মিটারে অটোরিকশা চালাতে হবে। যাত্রীর দরকারমতো স্বল্প দূরত্বে ও রুট পারমিটের যেকোনো দূরত্বে যেতে চালক বাধ্য থাকবেন। নষ্ট, ত্রুটিযুক্ত, বিকল, টেম্পারযুক্ত কোনো মিটারে অটোরিকশা চালানো যাবে না। অটোরিকশার মালিককে নির্ধারিত দৈনিক জমা ৬০০ টাকার অতিরিক্ত টাকা চালক দেবেন না, মালিকও আদায় করতে পারবেন না। এ জন্য মালিক টাকার প্রাপ্তি স্বীকার রসিদ চালককে দেবেন। চালকদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। পুনর্নির্ধারিত ভাড়ার হার মিটারে সংযুক্ত (সফটওয়্যার লোড) করতে হবে। এ ছাড়া কোনো অটোরিকশা নগরে চলাচল করতে পারবে না।আজ থেকে এসব শর্ত কার্যকর হওয়ার কথা। কোনো শর্ত লঙ্ঘন করা হলে অটোরিকশার মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন কিংবা স্বল্প দূরত্বে যেতে অস্বীকার করেন অথবা মিটার টেম্পারিং করেন, তাহলে সঙ্গে সঙ্গে অটোরিকশার গায়ে লেখা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বরে বা কাছের আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জানাতে যাত্রীদের অনুরোধ করেছে বিআরটিএ।বন্ধ হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ?গ্যাসের নতুন সংযোগ, লোড বৃদ্ধি ও সরঞ্জাম বৃদ্ধি কার্যক্রম সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই বাসায় কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ নিয়েছেন। অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছেন যাঁরা, এবার তাঁদের সংযোগ বন্ধ হচ্ছে। কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামবে। দোষী ব্যক্তিদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থাও।অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযানে নামতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড।তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে কোনো অবৈধ সংযোগ কিংবা অনিয়ম পাওয়া গেলেই সংযোগ বিচ্ছিন্ন করবে। পাশাপাশি বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী কর্তৃপক্ষ দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কর্তৃপক্ষ অবৈধ গ্যাস ব্যবহারকারী সম্পর্কে তথ্য জানাতে ফোন করার আহ্বান জানিয়েছে। টেলিফোন নম্বর হচ্ছে: ৮১১৯২১৪, ০১১৯৯৮০৮২৭৮ (মহাব্যবস্থাপক, ভিজিল্যান্স); ৮১১১৭১৩, ০১১৯৯৮১২৮৫২ (মহাব্যবস্থাপক, বিপণন, দক্ষিণ); ৮১১৯২১৩, ০১১৯৯৮১২৮৫৩ (মহাব্যবস্থাপক, বিপণন, উত্তর); ৯১৪৩২৯১, ০১১৯১০০৪০৪২ (মহাব্যবস্থাপক, রাজস্ব)।মরা গাছ কাটতে দরপত্র!হাতি মরলেও লাখ টাকা। কিন্তু গাছ মরলে কত? সে অঙ্কটি মেলাতেই হয়তো ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৯ (গুলশান) দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছে। তা থেকে জানা গেল, তাদের এলাকায় ফুটপাতের পাঁচটি গাছ মরে গেছে। এই গাছ বিক্রি করার জন্য আগে একবার দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথমবার কেউ সাড়া দেয়নি। এবার কি কেউ আসবে? যদি এবারও কেউ না এগিয়ে আসে তাহলে কী হবে? এমন প্রশ্ন উঠতে পারে সচেতন নাগরিকদের মনে।গুলশানের ২৩ নম্বর সড়কে একটি মরা আমগাছ, বনানীর বি ব্লকে ১৬ নম্বর সড়কে চারটি মরা রেইনট্রি গাছের কী সৌভাগ্য! চারটি রেইনট্রি গাছের মধ্যে আবার একটির গোড়া পচা। গাছগুলো কত টাকায় বিক্রি হবে? অথচ এরই মধ্যে দুবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দরপত্র আহ্বান ছাড়াও সব মিলিয়ে যে খরচ হবে, তাতে কি গাছের যথাযথ মূল্য পাওয়া যাবে?—তানজিল আহমদ