টুকরো খবর
ডেসকোর ডাক...লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম, এই কথা বলে দায় সারছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড। গ্রাহকেরা বিদ্যুৎসাশ্রয়ে নজর দিলে ঘাটতি কিছুটা হলেও কমে আসতে পারে বলে মনে করে ডিপিডিসি ও ডেসকো। তাই রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সংযমী হওয়ার ডাক দিয়েছে ডেসকো। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারা বলেছে, ঘাটতি থাকায় সেহির, ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। তাই বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত শিল্পপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে এয়ারকুলার বন্ধ রাখতে হবে। ওই সময় ওয়েল্ডিং মেশিন, ইস্তিরি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ও ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে ভবনে আলোকসজ্জা পরিহার করা উচিত। গ্রাহকদের বিদ্যুৎসাশ্রয়ী সিএফএল বাতি ব্যবহার করতে হবে।নতুন নামে সড়কডিসিসির উদ্যোগে নগরে অনেক সড়ক পেয়েছে নতুন নাম। এতে প্রাধান্য পেয়েছে মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের নাম। এর বাইরে কিছু মহতী মানুষ ও প্রতিষ্ঠানের নামে নামকরণ করা হচ্ছে সড়কের। ডিসিসি ভিত্তিফলক বসিয়ে সড়কের নতুন নাম উদ্বোধন করছে। তবে প্রচার-প্রচারণার অভাবে সড়কের নতুন নাম এখনো জনপ্রিয় হচ্ছে না।তার পরও নামকরণের পালা চলছে। সম্প্রতি নতুন নাম পেয়েছে আরও তিনটি সড়ক। এর মধ্যে গুলশানের ১২৬ নম্বর সড়কের নাম রাখা হয়েছে বীর বিক্রম মেহেদী আলী ইমাম সড়ক। নিউ ইস্কাটন (গাউসনগর) সড়কের নতুন নাম ভাষাসংগ্রামী আহমদ রফিক সড়ক। আর মগবাজার চৌরাস্তা থেকে নয়াটোলা সড়কটি রেড ক্রিসেন্ট সড়ক নামে নামকরণ করা হয়েছে।কারখানা তদারকে তিতাসরমজান মাসের সেহির আর ইফতারের জন্য সব বাড়িতে একই সময়ে রান্নাবান্না করা হয়। তাই ওই সময়ে গ্যাস সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডকে। তাই রমজান মাসে স্টিল ও রি-রোলিং মিলস বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখতে অনুরোধ করেছে তারা। এ ছাড়া চুনা কারখানার একটি ভাট্টি বাদে অন্যান্য ভাট্টি পুরো রমজান মাসে বন্ধ রাখতে হবে। এ নিয়ে তিতাস সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনাও করেছে। তাদের সঙ্গে নিয়ে পরিদর্শনও চালাবে তিতাস। এতে আবাসিক গ্রাহকেরা দরকারি সময়ে গ্যাস পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।দ্রব্যমূল্যের সাইনবোর্ড আছে তো?কাঁচাবাজারে ক্রেতার কাছে পণ্যের দাম ইচ্ছেমতো রাখা হয় হরহামেশা। রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম আরও লাফালাফি করছে। এই লাফালাফি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা সিটি করপোরেশন। তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ক্রেতাদের সুবিধার জন্য চাল, ডাল, তেল, ছোলা, চিনি, লবণ, গুঁড়ো দুধসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা প্রদর্শন করতে হবে দোকানের সামনে। দোকানের সামনে মূল্যতালিকা না পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট দোকানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু প্রতিদিন কি সব কাঁচাবাজারে চলবে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান? আবার কাঁচাবাজারের দোকানগুলোতে তো মূল্যতালিকা টাঙানোর জায়গাই নেই। বিজ্ঞপ্তির কথাগুলো কি বাস্তবে প্রতিফলিত হবে, নাকি বিজ্ঞাপনই সার?তার-চোর ধরতে বিজ্ঞাপন!বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড টেলিফোন কেব্ল এবং ড্রপওয়্যার চুরির ঘটনা প্রায়ই ঘটছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বিটিসিএল। এতে গ্রাহকদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। গ্রাহকসেবার পাশাপাশি বিটিসিএলকে আবার সংযোগ দিতে হচ্ছে। ক্ষতি হচ্ছে সরকারের বিপুল পরিমাণ টাকা। এ ধরনের চুরি প্রতিহত করতে গ্রাহকসহ সবার কাছে সহযোগিতা কামনা করেছে বিটিসিএল। কেউ বিটিসিএলের কেব্ল কেটে নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বিটিসিএলের অফিসে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ নম্বর কেব্ল (উত্তর): মহাখালী-০১১৯৯৮৬৮৫৩১ (বিভাগীয় প্রকৌশলী), ০১৫৫০১৫১৯৫১ (উপবিভাগীয় প্রকৌশলী); কেব্ল (দক্ষিণ): রমনা-০১৮১৯২৪০২৪৪ (বিভাগীয় প্রকৌশলী), ০১৫৫২৪৮৭২৭৬ (উপবিভাগীয় প্রকৌশলী); কেব্ল (পূর্ব): খিলগাঁও-০১৫৫০১৫১২৬৭ (বিভাগীয় প্রকৌশলী), ০১৭১১৮০০৫৭২ (উপবিভাগীয় প্রকৌশলী); কেব্ল (পশ্চিম): শেরেবাংলা নগর-০১৫৫০১৫১২৪৮ (বিভাগীয় প্রকৌশলী), ০১৯২০৭১৫১০০ (উপবিভাগীয় প্রকৌশলী); কেব্ল (কেন্দ্রীয়): নীলক্ষেত-০১৫৫০১৫১২৬৮ (বিভাগীয় প্রকৌশলী), ০১১৯০২১৭৬২৬ (বিভাগীয় প্রকৌশলী)।৩০০ টাকায় মিলছে ড্যাপ মানচিত্ররাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইন্টিগ্রেটেড ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকল্পের আওতায় ঢাকার ৫৯০ বর্গমাইল এলাকার বিশদ মানচিত্র বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এ জন্য জনতা ব্যাংক, রাজউক ভবন করপোরেট শাখায় (এসটিডি হিসাব নম্বর ৩৬০০০৬৪৯) ওই টাকা জমা দিয়ে ড্যাপের মানচিত্র সংগ্রহ করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজউক। এ ছাড়া রাজউকের ড্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইটেও (www.rajukdhaka.gov.bd) পাওয়া যাবে।বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজউকের আওতাধীন এলাকার ড্যাপের মানচিত্র বিকৃত করে কেউ কেউ বিক্রি করছে। এ জন্য রাজউক ছাড়া অন্য কোনো জায়গা থেকে ড্যাপের প্ল্যান না কেনার জন্য অনুরোধ করেছে রাজউক। বিকৃত মানচিত্র বিক্রি বন্ধে রাজউক ব্যবস্থা নিচ্ছে না কেন, সচেতন মানুষের মনে সেই প্রশ্ন রয়েছে। —ঢাকায় থাকি প্রতিবেদক