টুকরো খবর
পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়বে?গভীর রাত থেকে সকাল পর্যন্ত কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা চলে। কাঁচা তরিতরকারির উচ্ছিষ্টে সয়লাব হয়ে থাকে বাজারের আড়তের আশপাশের রাস্তাগুলো। বিগত কয়েক বছরের তুলনায় সেই রাস্তাগুলোয় এখন আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে উচ্ছিষ্ট। তাই পথচারীদের মনে প্রশ্ন জাগছে, কারওয়ান বাজারে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম কি শিথিল হয়ে পড়েছে? এই প্রেক্ষাপট সামনে রেখেই আজ শুরু হচ্ছে ‘ক্লিন ঢাকা সপ্তাহ’, যার শেষ হবে ১৬ জানুয়ারি।‘ক্লিন ঢাকা সপ্তাহ’-এর আয়োজক হচ্ছে ডিসিসি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এরই মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং নগরের বিভিন্ন এলাকায় ব্যানার টানিয়ে ক্লিন ঢাকা সপ্তাহের প্রচারণা শুরু করা হয়েছে। বিজ্ঞাপনে এই আয়োজনের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শোভাযাত্রা ও মাইকিং করা হবে। এলাকায় এলাকায় বিতরণ করা হবে লিফলেট, পোস্টার ও স্টিকার। এলাকাগুলোর যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে আবর্জনা ফেলার স্থান নির্ধারণ করা হবে। রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্যও প্রচারণা চালানো হবে। রিকশাভ্যান ও ট্রলি দিয়ে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কাজকে আরও শক্তিশালী করা হবে। আবর্জনা জমা করার পাত্র বা থলের মাধ্যমে নতুনভাবে বর্জ্য সংগ্রহের পদ্ধতি চালু করা হবে। এ ছাড়া ক্লিন ঢাকা সপ্তাহ উপলক্ষে আবর্জনা রিসাইক্লিং, উত্স থেকে আবর্জনা বাছাই করার মতো কার্যক্রম চালানো হবে। তবে ক্লিন ঢাকা সপ্তাহের মূল আকর্ষণ হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রমে সেরা ওয়ার্ডকে পুরস্কার দেওয়ার বিষয়টি। পুুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। ওই দিন বিকেল চারটায় ওসমানী উদ্যানে বসবে সেই আসর। তবে আগের অভিজ্ঞতায় দেখা গেছে, ‘সেরা ওয়ার্ড’ হওয়া অনেক ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম বর্তমানে বেহাল হয়ে পড়েছে। তাই ক্লিন ঢাকা সপ্তাহের বিজ্ঞাপনে থাকা ভালো ভালো কথা বাস্তব রূপ লাভ করবে কি না, তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে অনেকে।ডিসিসি নির্বাচনের সময় শুরু হবে না নতুন প্রকল্পসেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় দুই বছর ডিসিসির মাধ্যমে নগরের ওয়ার্ডগুলোর অবকাঠামো উন্নয়নের কাজ থমকে ছিল। আবারও সে রকম হতে যাচ্ছে। তবে সেটা স্বল্প সময়ের জন্য। আসন্ন ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের দিন পর্যন্ত ডিসিসি নতুন কোনো প্রকল্পের কাজ শুরু করতে পারবে না। ওই সময়ে অনুমোদিত কোনো প্রকল্পের জন্য অর্থও দেওয়া যাবে না। গণমাধ্যমের কাছে এ তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।প্রচলিত আইনে মেয়র স্বপদে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে বর্তমান মেয়রের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তিনি হয়তো ভোটারদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিতে পারেন, কিংবা কোনো প্রকল্পের অর্থ ছাড় করতে পারেন। এটা করা হলে মেয়র পদপ্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে অসমতা সৃষ্টি হবে। প্রার্থীদের মধ্যে সমতা আনার জন্যই উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বরত) স্বপন কুমার ভৌমিক জানান, ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সম্পন্ন হতে মাসখানেক সময় লাগতে পারে। ওই মাসখানেক ডিসিসির কোনো এলাকায় উন্নয়ন প্রকল্প চালু করা যাবে না। এ ধরনের কোনো প্রকল্পে অর্থ বরাদ্দও বন্ধ থাকবে। তবে চলতি প্রকল্প ও রুটিন প্রকল্পগুলোর কাজ চলতে কোনো বাধা থাকবে না।