টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিল আদায়ে ওয়াসার অভিযানবেশি হোক কম হোক, ঢাকা ওয়াসার নল থেকে পাওয়া পানিই নগরবাসীর পানির প্রয়োজন মেটাচ্ছে। এত দিন যাঁরা ওয়াসার পানি ব্যবহার করেছেন অথচ মাসে মাসে বিল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, তাঁদের আরামের ঘুম বুঝি হারাম হয়ে এল। কেননা বকেয়া বিল আদায়ে অভিযান শুরু করেছে ঢাকা ওয়াসা। ১৮ ও ১৯ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে পুরান ঢাকায়। ২০ জানুয়ারি অভিযান চালানো হয়েছে ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউমার্কেট ও জিগাতলা এলাকায়। এর আগে ৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। যাঁরা ওয়াসাকে নিয়মিত ফি না দিয়ে কিংবা অনুমোদন ছাড়াই গভীর নলকূপ বসিয়ে পানি উত্তোলন করছেন এবার তাঁদের ধরতে অভিযান শুরু হবে বলে জানান ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসি উদ্দিন। তিনি বলেন, নগরের নতুন ও শিল্প এলাকাগুলোয় অনেকে নিজস্ব গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন। এ জন্য শ্যামপুর, মিরপুর, উত্তরা, গোড়ান, বাড্ডার মতো এলাকাগুলোয় অভিযান চালানো হবে। ওই অভিযান চলবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি।অনলাইনে করা যাচ্ছে জিডিঅনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই মধ্যে উত্তরা থানায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, পর্যায়ক্রমে সব থানায় অনলাইনে জিডি করার ব্যবস্থা করা হবে। তখন জিডি করতে হলে আর থানায় যেতে হবে না। ঘরে বসেই করা যাবে।অনলাইনে জিডি করতে হলে প্রথমে ঢুকতে হবে ডিএমপির ওয়েবসাইটে (www.dmp.gov.bd)। এরপর কমপ্লেইন বিভাগে (complain) গিয়ে সহায়তা চাওয়ার অনুরোধ লিংকে (citizens help request) ক্লিক করতে হবে। অনলাইনে যেসব বিষয়ে জিডি করা যাচ্ছে তা হচ্ছে পাসপোর্ট, সনদপত্র, ডকুমেন্ট হারানোর বিষয়ে। নতুন কিংবা পুরোনো নৈশপ্রহরী, দ্বাররক্ষী, বাসার কাজের লোক, তত্ত্বাবধায়ক ও চালকের তথ্য জানিয়েও জিডি করা যায়। এ ছাড়া যে কারও সন্দেহজনক গতিবিধির ওপরও জিডি করা যাচ্ছে। এখন জিডি করার পর তা অনলাইনেই থানায় লিপিবদ্ধ হলেও জিডির কপি আনতে হবে থানায় গিয়ে।ডিএমপির উঠতি সন্ত্রাসীর তালিকা!দুষ্টের দমনই হওয়ার কথা পুলিশের কাজ। পুলিশের দৃষ্টিতে দুষ্ট মানে হতে পারে অভিযুক্ত অপরাধী। আবার ব্যাপকভাবে বললে চুরি, ডাকাতি, পকেট কাটা, ছিনতাই, প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজি প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগর থেকে অপরাধ দমনে বিভিন্ন পন্থা নিয়ে থাকে। এরই অংশ হিসেবে কিনা কে জানে, এবার তারা নগরের উঠতি বয়সী সন্ত্রাসীদের তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, তারা যখন তালিকা তৈরির কাজে ব্যস্ত তখন নবীন কিংবা পরিপক্ব সন্ত্রাসীরা কি হাত-পা গুটিয়ে বসে থাকবে?তাই সুধীজনেরা মনে করেন, তালিকা তৈরিতে সময় নষ্ট না করে সন্ত্রাস বন্ধ করতে হবে ডিএমপিকে। কারণ, এ ধরনের তালিকা তৈরির ফলে অনেক ভালো ছেলের নাম তাতে ঢুকে পড়তে পারে। আবার তালিকায় নাম ঢুকলে সন্ত্রাসীদের মধ্যে সন্ত্রাসী কাজে উত্সাহ বেড়ে যেতে পারে। তবে ডিএমপি সন্ত্রাসীর তালিকা তৈরি করার অধিকার রাখে কি না, সেটাও একটি প্রশ্ন। কারণ, ডিএমপির কাজ হচ্ছে অভিযোগের ভিত্তিতে কিংবা ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপরাধীকে গ্রেপ্তার করা। একমাত্র আদালতে রায়ের মাধ্যমে কেউ অপরাধী কি না, তা প্রমাণিত হয়। তাই কেউ সন্ত্রাসের কারণে আদালতের সাজা পেলেই তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা যাবে। এর আগেই উঠতি বয়সী সন্ত্রাসীর তালিকা করা কতটুকু যুক্তিযুক্ত?